কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিমা সমিতি
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ১৮ দলীয় জোটের ডাকা কাল সোমবার ও আগামী মঙ্গলবারের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।কবির হোসেন গতকাল শনিবার এক বিবৃতিতে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে চরম সামাজিক বিপর্যয়ও দেখা দেবে।বিমা সমিতির সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর ইতিমধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এতে বিমা ব্যবসাও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা, যেসব যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, তার বিপরীতে কোম্পানিগুলোকে বিমা দাবি পরিশোধ করতে হয়। চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে বিআইএ মনে করে।