কর্মী অসন্তোষে বাংলালিংকে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের কারণে গতকাল রোববার স্থবির হয়ে পড়ে বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংকের প্রশাসনিক কার্যক্রম। এ জন্য ঢাকার গুলশানের প্রধান কার্যালয় ও ঢাকার বাইরের সব আঞ্চলিক কার্যালয় গতকাল বেলা দুইটায় ছুটি ঘোষণা করা হয়।
জানা গেছে, প্রস্তাবিত বাংলালিংক কর্মচারী ইউনিয়নের নেতা শরিফুল ইসলামকে গত বৃহস্পতিবার চাকরিচ্যুত করা হয়। এর জেরে ওই দিন কোম্পানির প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) পিরিহেনি এলহামিকে তাঁর কার্যালয়ে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ রাখেন কর্মীরা। আলোচনার মাধ্যমে শরিফুল ইসলামের চাকরিচ্যুতির বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়ার পর ওই দিন গভীর রাতে আন্দোলনকারীরা অবস্থান তুলে নেন।
বাংলালিংকের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, গতকাল তাঁরা সবাই স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রম (ভলান্টারি সেপারেশন স্কিম) শিরোনামে একটি ই-মেইল পান। এতে বলা হয়, বিভিন্ন পর্যায়ের স্থায়ী কর্মীরা ২৪ থেকে ৩০ মাসের মূল বেতন নিয়ে এ কর্মসূচির আওতায় অবসরে যেতে পারেন।
আন্দোলনকারীদের পক্ষে কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল পাল প্রথম আলোকে বলেন, ‘একজন কর্মীকেও যেন আর চাকরিচ্যুত না করা হয়, এর নিশ্চয়তা চাই।’ বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ বলেন, ‘বাংলালিংক একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে একটা ভলান্টারি সেপারেশন স্কিম ঘোষণা করেছি। যাঁরা বাংলালিংকের সঙ্গে ভবিষ্যতে যুক্ত থাকতে চান না, তাঁরা সুবিধাটি নিতে পারেন।’
জানতে চাইল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘বাংলালিংকের দুই পক্ষকে আন্তরিকভাবে অনুরোধ করব আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসতে।’