বিদেশি প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তাকে আলাদা করতে জটিলতা হয়। তাই কর্মী মুনাফা অংশীদারত্ব তহবিলের (ডব্লিউপিপিএফ) অর্থের ওপর কর নির্ধারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে সমতা আনার দাবি জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার এফআইসিসিআইয়ের মাসিক মধ্যাহ্নভোজ সভায় এ দাবি ওঠে। সংগঠনের সভাপতি রূপালী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।
রূপালী চৌধুরী বলেন, ‘অর্থ আইন ২০১৫ অনুযায়ী শ্রমিক নয় এমন কর্মীদের ডব্লিউপিপিএফের অর্থের ওপর কর ধার্য করা হয়েছে। এর ফলে একটি প্রতিষ্ঠানে কে শ্রমিক, কে কর্মকর্তা সে বিষয়ে অপ্রয়োজনীয় একটি বিতর্ক দেখা দিয়েছে। তবে এটি খুব সহজে এড়ানো যেত। আমরা বিশ্বাস করি, ডব্লিউপিপিএফের অর্থের ওপর কর নির্ধারণের ক্ষেত্রে সব কর্মীর জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।’
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, প্রতিষ্ঠানকে বার্ষিক মুনাফার ৫ শতাংশ অর্থ কর্মী মুনাফা অংশীদারত্ব তহবিলে দিতে হয়। তবে শ্রমিকদের দেওয়া মুনাফার অর্থের ওপর কর দিতে হয় না। অর্থ আইন অনুযায়ী কর্মকর্তাদের ক্ষেত্রে কর দিতে হয় প্রতিষ্ঠানকে।
শ্রম আইনে শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ দেওয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করে রূপালী চৌধুরী। তিনি
বলেন, ‘ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান ৮ শতাংশের বেশি মুনাফা ডব্লিউপিপিএফ তহবিলে দিচ্ছে তাদের জন্য এই নতুন নিয়ম বাস্তবায়ন করা কঠিন। কারণ, মুনাফার অংশ কমানো হলে তা কর্মী অসন্তোষের সূচনা করতে পারে।
তবে প্রতিমন্ত্রী মুজিবুল হক বক্তব্যের জবাবে সরাসরি কিছু বলেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের কার কী অবস্থান সেটি আমাদের কাছে পরিষ্কার না। শ্রম আইনে শ্রমিকের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তা ব্যাংক ও আর্থিক খাতে কর্মরতদের জন্য প্রযোজ্য নয়।’