কর-পরবর্তী মুনাফায় সিএসআর হতে হবে
কর-পরবর্তী মুনাফা না থাকলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধ (সিএসআর) খাতে কোনো অর্থ অনুদান দিতে পারবে না। তবে ইতিমধ্যেই কোনো অঙ্গীকার থাকলে সেই অর্থ নির্ধারিত সময়ের জন্য অনুদান হিসেবে দিতে পারবে।
সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ অনুদান দিতে হবে শিক্ষা খাতে। ২০ শতাংশ যাবে স্বাস্থ্য খাতে।
বাংলাদেশ ব্যাংক সিএসআর ব্যয় বিষয়ে একটি নীতিমালা গত সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এ নীতিমালায় সিএসআর ব্যয়ের ক্ষেত্রে এসব নির্দেশনা রয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে প্রজ্ঞাপন জারি করে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসা খাত বা প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছিল। তবে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিএসআরের অর্থ ব্যাংকের সাজসজ্জা, পরিচালক বা প্রভাবশালীরা সহায়তার নামে নেওয়ার ঘটনা ঘটেছে। আবার ব্যাংক লোকসানে থাকলেও সিএসআর খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে।
নীতিমালা অনুসারে শিক্ষা খাতে দেওয়া অনুদান স্বল্প আয়ের পরিবারের সুনামধারী শিক্ষাপ্রতিষ্ঠানে ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যয় হতে হবে। এসব অনুদান যাবে শিক্ষাবৃত্তি হিসেবে। গ্রাম ও শহর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানেরা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে তার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রশিক্ষণে এ অর্থ ব্যয় করা যাবে। যে শিক্ষার্থী এক প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছে, সে যেন অন্য প্রতিষ্ঠান থেকেও বৃত্তি না পায় তার তথ্য-উপাত্ত আদানপ্রদান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, সিএসআর ব্যয়ে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং সবুজ অর্থায়ন খাত গুরুত্ব পাবে।
সিএসআর ব্যয়ের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জঙ্গি বা সন্ত্রাসী অর্থায়ন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। অর্থায়নের পর এ ধরনের সন্দেহ হলেও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জানাতে হবে।
ব্যাংকগুলো সাধারণভাবে আলাদা ফাউন্ডেশনের মাধ্যমে সিএসআরের অর্থ ব্যয় করে। নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনকে নিশ্চিত করতে হবে সিএসআর খাতে তার ব্যয় জঙ্গি বা সন্ত্রাসী অর্থায়নে যাচ্ছে না। কোনো প্রতিষ্ঠান এ ক্ষেত্রে ব্যর্থ হলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাইরে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, সংস্কৃতি, ক্রীড়া ও অবহেলিত অঞ্চলের অবকাঠামো উন্নয়নেও এ ব্যয় করা যাবে।
পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে প্রতিষ্ঠানের নিট মুনাফার একটি অংশ সিএসআর খাতে ব্যয়ের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সিএসআর থেকে কোনো অর্থ নিতে পারবেন না। এটি দেওয়ার ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষভাবে কোনো পরিচালক, সিনিয়র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা ফাউন্ডেশনের কারও নামে বরাদ্দ দেওয়া যাবে না। তবে চলমান শিক্ষাবৃত্তি বা এ খাতে চলমান কোনো কর্মসূচি থাকলে তা চালিয়ে নিতে পারবে।
সিএসআর ব্যয়ের সার্বিক বিষয় তদারকের জন্য প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে একটি করে সিএসআর দেখভাল বা ডেডিকেটেড ইউনিট খুলতে বলা হয়েছে।