কল প্রতারণা বন্ধে অপারেটরদের তৎপর হওয়ার নির্দেশ
গ্রাহকের নম্বর নকল করে বা স্পুফিংয়ের মাধ্যমে কল ঠেকানোর বিষয়ে মুঠোফোন অপারেটরদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য অপারেটরদের প্রয়োজনে বিশেষ যন্ত্রপাতি স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কল স্পুফিং হলো প্রকৃত নম্বর গোপন রেখে অন্য এক ব্যবহারকারীর নম্বর অথবা বিশেষ কোনো নম্বর দিয়ে কল করার প্রযুক্তি। এ ধরনের কল তৈরিতে বিশেষ সফটওয়্যার ও ইন্টারনেট প্রটোকল (আইপি) ব্যবহার করা হয়। সম্প্রতি স্পুফিংয়ের মাধ্যমে অনেক গ্রাহকের কাছে ফোন করে ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি বিটিআরসির নজরে আসে। এসব প্রতারণামূলক কাজে বিটিআরসির নাম ব্যবহার করার বিষয়ে অভিযোগ জানান অনেক গ্রাহক।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কল স্পুফিংয়ের বিষয়টি নিয়ে মুঠোফোন অপারেটরদের সঙ্গে একটি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, নিজেদের নেটওয়ার্কের মধ্যে (অননেট) কোনো কল স্পুফিং হলে সেটি তারা ধরতে পারছে এবং তা বন্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে অন্য অপারেটরের নেটওয়ার্ক থেকে (অফনেট) এমন কল এলে সেটি এখনো ধরা সম্ভব হচ্ছে না।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাধারণত ইন্টারনেট ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে এসব কল তৈরি করা হয়। তাই এ ধরনের কল পুরোপুরি বন্ধ করা বেশ কঠিন। তবে এ বিষয়ে অপারেটরদের সক্ষমতা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
টেলিযোগাযোগ আইন অনুযায়ী, একজন গ্রাহককে মুঠোফোনে কল করার ক্ষেত্রে কলার লাইন আইডেনটিফিকেশন বা পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক। এটি দেশি-বিদেশি সব ধরনের কলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে প্রযুক্তিগত বেশ কিছু জটিলতার কারণে অনেক সময় এ নিয়ম রক্ষিত হয় না।
কল স্পুফিংয়ের বিষয়ে গ্রাহকদের উদ্দেশে বিটিআরসি সম্প্রতি একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, কয়েকটি প্রতারকচক্র নিয়ন্ত্রক সংস্থার নামে ফোন কল ও খুদে বার্তা পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করে সিম নিবন্ধনের তথ্য, মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের পিন নম্বর এবং ব্যক্তিগত তথ্য কৌশলে হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন মুঠোফোন অপারেটরের নম্বর ও বিটিআরসির নিজস্ব ল্যান্ডলাইন অথবা মুঠোফোন নম্বর নকল করে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিটিআরসির নামে খুদে বার্তা পাঠিয়ে পিন নম্বর অথবা অর্থ চাওয়া হচ্ছে।
কোনো গ্রাহক এমন প্রতারণার শিকার হলে ২৮৭২ কল সেন্টার, ০২৯৬১১১১১ ল্যান্ডফোন ও ০১৫৫৫১২১১২১ মুঠোফোন নম্বরে ফোন করে জানাতে পারবেন। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে।