কলকাতা থেকে ৩৫ ঘণ্টায় ফিরল কনটেইনারবাহী দেশি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতা বন্দর থেকে দুই দিনের কম সময়ে কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরল দেশীয় জাহাজ ‘এমভি রোদেলা’। গত ২০ মার্চ প্রথমবারের মতো দেশীয় জাহাজটি চট্টগ্রাম থেকে সরাসরি কনটেইনার নিয়ে কলকাতা বন্দরের উদ্দেশে যাত্রা করে।
এমভি রোদেলা জাহাজটির পরিচালনাকারী প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম থেকে কলকাতা বন্দর পৌঁছাতে জাহাজটির প্রায় ৩৫ ঘণ্টা সময় লেগেছে।
প্রায় সমান সময়ে কলকাতা থেকে জাহাজটি গতকাল বুধবার সকালে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটিতে এসে ভিড়েছে।’
জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, কলকাতা বন্দর থেকে কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পণ্য আনতে অন্তত ১০ দিন সময় লাগে। এ ক্ষেত্রে কয়েক দফা পণ্য ওঠানো-নামানোর কাজ করতে হয়।
সরাসরি পণ্য পরিবহন সেবা চালু হওয়ায় সময় কমে এসেছে। দূরত্ব কমে যাওয়াতেই মূলত এমনটা হয়েছে।
লন্ডন থেকে প্রকাশিত রীড’স মেরিন ডিসটেন্স টেবল বইয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে কলকাতার দূরত্ব ৩৬৭ নটিক্যাল মাইল। কলকাতা থেকে কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত দূরত্ব ২ হাজার ৫৩৬ নটিক্যাল মাইল। কনটেইনার নিয়ে সরাসরি কলকাতা যাওয়ায় এমভি রোদেলাকে ২ হাজার ১৬৯ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হয়নি।
প্রান্তিক গ্রুপ জানায়, প্রথমবারেই কনটেইনারে করে পণ্য পরিবহন সফল হওয়ায় এখন এই পথে নিয়মিত চলাচল করবে জাহাজটি।