কলকাতা বাণিজ্য মেলা ২২ ডিসেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলায় এবার বাংলাদেশের ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২২ ডিসেম্বর থেকে কলকাতার মিলন মেলা ময়দানে শুরু হচ্ছে ২৪তম শিল্প ও বাণিজ্য মেলা।মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলার ফোকাস দেশ ভুটান। গতবার ছিল বাংলাদেশ।শিল্পমেলার আয়োজক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এবং পশ্চিমবঙ্গ সরকার। বিএনসিসিআইয়ের সচিব ডি পি নাগ প্রথম আলোকে বলেন, এবারের মেলায় দেশ-বিদেশের ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে উপস্থিত থাকবে। যোগ দেবে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, তুরস্ক, মিসর ও ভিয়েতনামের বিভিন্ন শিল্পগোষ্ঠী।কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, এবারের মেলায় বাংলাদেশ থেকে ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদিকে মেলায় উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে।পাঁচ হাজার বর্গফুট জায়গা জুড়ে এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হবে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। এই সংসদের সামনে থাকবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।