কলকাতা বাণিজ্য মেলায় বাংলাদেশের ৯৭ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সায়েন্স সিটি ময়দানে ১৩তম ভারত আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
১২ দিনের এই মেলায় ভারতের বিভিন্ন রাজ্যসহ প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মিসর প্রভৃতি দেশ যোগ দিয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে ৯৭টি শিল্পপ্রতিষ্ঠান।
মেলার আয়োজন করেছে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত শুক্রবার সন্ধ্যায় এটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে এখনো বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে তিনি ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশ থেকে বেশি করে পণ্য আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে এখন দ্রুত শিল্পায়ন হচ্ছে। বিদেশে দিন দিন বাংলাদেশি পণ্যের সমাদর ও চাহিদা বাড়ছে।
মেলার এবারের পার্টনার কান্ট্রি বাংলাদেশ। আর পার্টনার রাজ্য হয়েছে: কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও রাজস্থান। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
তোফায়েল আরও বলেন, বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, চীন এসব দেশের মধ্যে একটি অর্থনৈতিক করিডর গড়ে উঠলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও জোরদার হবে। বিশেষ করে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এই দুদেশের সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ককে আরও গভীর করে তোলার জন্য উভয় দেশকেই শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে।’ এ ছাড়া অচিরেই দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি সম্পাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।