কলকাতা বাণিজ্য মেলায় এবার বাংলাদেশের ১২০ প্রতিষ্ঠান যোগ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় অনুষ্ঠেয় ১১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের ১২০টি প্রতিষ্ঠান যোগ দেবে। আগামী ১৪ ডিসেম্বর কলকাতার বিজ্ঞাননগর ময়দানে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার-২০১২’ শীর্ষক এ মেলা শুরু হবে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় ফোকাস কান্ট্রি হচ্ছে বাংলাদেশ।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এ মেলার উদ্বোধন করবেন। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জিএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড যৌথভাবে মেলাটির আয়োজন করছে। মেলা কমিটির চেয়ারম্যান এস ডি গুপ্তা গতকাল রোববার প্রথম আলোকে জানান, এবারের মেলায় বিশ্বের ১৫টি দেশ যোগ দেবে। এতে পণ্য প্রদর্শনের জন্য মোট ৭৫০টি স্টল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের স্টল থাকবে ১২০টি। গত বছর যোগ দিয়েছিল ৬২টি প্রতিষ্ঠান।কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, মেলায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস উদ্যাপন করা হবে।