কলকাতা বাণিজ্য মেলায় বাংলাদেশের ৫০ প্রতিষ্ঠান
স্বদেশি পণ্য কেনার ডাক দিয়ে কলকাতা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। মেলাটি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বাংলাদেশের ৫০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে মেলায় যোগ দিয়েছে।
কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে গত শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৬০০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত নানা ধরনের পণ্য প্রদর্শন করছে। স্বাগতিক ভারত ও প্রতিবেশী বাংলাদেশ ছাড়াও এবারের মেলায় যোগ দিয়েছে আরও ১০টি দেশ। দেশগুলো হচ্ছে তুরস্ক, মিসর, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, হংকং, সিঙ্গাপুর, ঘানা, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএনসিসিআই) এই মেলার আয়োজন করেছে। এতে সহযোগিতা করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও)।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম দেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, এই রাজ্যে আরও বেশি করে কুটির ও ক্ষুদ্র শিল্পের সম্প্রসারণ করতে হবে।কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা এবার ২৮ বছরে পদার্পণ করেছে।