কলকাতা মাতাল বাংলাদেশের বাহারি খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ‘আহারে বাংলা’ শীর্ষক খাদ্য উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে পশ্চিমবঙ্গের ভোজনপ্রিয় বাঙা​িলদের ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘আহারে বাংলা’ শীর্ষক খাদ্য উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে পশ্চিমবঙ্গের ভোজনপ্রিয় বাঙা​িলদের ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতা খাদ্য উৎসবে এবার বাংলাদেশের প্যাভিলিয়নে পশ্চিমবঙ্গের ভোজনপ্রিয় বাঙালিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রতিদিনই তাঁরা সপরিবার কিংবা বন্ধুবান্ধব মিলে দলবেঁধে ছুটে আসেন উৎসবে।
স্বাগতিক পশ্চিমবঙ্গ রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জার্মানিসহ আরও কয়েকটি দেশ ‘আহারে বাংলা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এই খাদ্য উৎসবে যোগ দেয়। এবারের উৎসবে দেশ-বিদেশের মোট ১০৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৩০টি রেস্তোরাঁ, ২৩টি মিষ্টির দোকান ও ৩টি সরকারি সংস্থা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৫৫০ রকমের খাবার প্রদর্শন ও বিক্রি করে। এর মধ্যে ছিল ১৭০ রকমের রসগোল্লা।
কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত এ উৎসবে আগত ভোজনরসিকেরা আমিষ ও নিরামিষ নির্বিশেষে খাবারদাবারের এলাহি বন্দোবস্ত দেখে মুগ্ধ হন। এতে চারটি শীতাতপনিয়ন্ত্রিত প্যাভিলিয়নে একসঙ্গে তিন হাজার লোকের একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়। রকমারি মিষ্টির জন্য তৈরি করা হয় ‘মিষ্টি বাংলা’ নামে আলাদা প্যাভিলিয়ন। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রির জন্যও গড়ে তোলা হয় আলাদা প্যাভিলিয়ন।
গতকাল মঙ্গলবার উৎসবটি শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গত শুক্রবার উৎসবটির উদ্বোধন করেন।
আয়োজকেরা বলেন, ‘আহারে বাংলা’ খাদ্য উৎসবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। কলকাতার ভোজনরসিকেরা লাইন দিয়ে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি আর বিভিন্ন রকমের পিঠাপুলি খেয়েছেন এবং কিনেও নিয়েছেন।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাখখারুল ইকবালও প্রথম আলোকে বলেন, প্রতিদিনই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। কোনো কোনো দিন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের চাহিদামাফিক খাবার সরবরাহ করতে পারেনি। অর্থাৎ সব খাবারই শেষ হয়ে যেত। বিশেষ করে খাসির কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, চিকেন পাকুড়া ও পিঠার চাহিদা ছিল বেশি।
আলাপ করে জানা যায়, বাংলাদেশের একেকটি প্রতিষ্ঠান প্রথম দিকে প্রতিদিন ৫০০ প্লেট করে কাচ্চি বিরিয়ানি ও ভুনা খিচুড়ি এবং ১ হাজার প্লেট পিঠা বিক্রির উদ্যোগ নিলেও সন্ধ্যা নামার আগেই সব শেষ হয়ে যেত, যে কারণে কলকাতার অনেক ভোজনরসিক বাংলাদেশের খাবার থেকে বঞ্চিত হন। উৎসবে প্রতি প্লেট বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি ১৮০ রুপি, ভুনা খিচুড়ি ১৬০ রুপি, চিকেন পাকুড়া ৫০ রুপি এবং প্রতিটি পিঠাপুলি ৩০ রুপি দামে বিক্রি হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এ স্টলটি তৈরি করে দেয়।