কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা আগামীকাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪তম কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। কলকাতার মিলন মেলা ময়দানে অনুষ্ঠেয় এই মেলায় বাংলাদেশের ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দেবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে। ১০৯ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ ছাড়া ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদলও যোগ দেবে। আরও আসছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদসহ আর কিছু ব্যবসায়ী প্রতিনিধি।মেলাটির আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার ও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)। এবারের মেলার ফোকাস কান্ট্রি ভুটান। গত বছর ছিল বাংলাদেশ। এই মেলায় স্বাগতিক ভারত ও প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও ভুটান এবং তুরস্ক, মিসর ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের মোট ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন করবে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত বাণিজ্য সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, এবারের মেলায় বাংলাদেশ থেকে ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনি আরও জানান, পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। প্যাভিলিয়নটি গড়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। এটির সামনে থাকছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।