কলকাতা শিল্পমেলায় বাংলাদেশ স্টলে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় অনুষ্ঠিত শিল্পমেলায় বাংলাদেশের স্টলের সামনে ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় অনুষ্ঠিত শিল্পমেলায় বাংলাদেশের স্টলের সামনে ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত কলকাতার ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলার বাংলাদেশ স্টলে প্রচণ্ড ভিড়। কলকাতার মানুষজন আগ্রহভরে দেখছে বাংলাদেশের জামদানি শাড়িসহ নানা পণ্যসামগ্রী। কিনছেও তারা বাংলাদেশের নানা পণ্য।
২৩ ডিসেম্বর বিকেলে কলকাতার বিজ্ঞান নগরীর সামনে মিলনমেলা ময়দানে এই ২৯তম শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমেলার আয়োজক কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিএনসিসিআই। মেলা শেষ হবে পয়লা জানুয়ারি।
এবারের মেলায় বাংলাদেশসহ যোগ দিয়েছে মিসর, তুরস্ক, হংকং, ঘানা, আফগানিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশ। মেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ২৮টি শিল্প সংস্থা।
এবারে বাংলাদেশ স্টলে সবচেয়ে বেশি ভিড় বাংলাদেশের শাড়ির স্টলে। সেই জামদানি থেকে তাঁতের শাড়ি। আরও ভিড় তৈরি পোশাক ও কুটিরজাত পণ্যের স্টলে। ভিড় জমেছে ইলিশ বিরিয়ানির স্টলেও। কথা হয় বাংলাদেশ থেকে যোগ দেওয়া ঢাকা ফ্যাশন, এন জামদানি, সরপন জামদানি, বিএ ইন্টারন্যাশনাল, অলিভার হ্যান্ডি ক্রাফটস স্টলের মালিকদের সঙ্গে। তাঁরা বলেছেন, কলকাতার প্রচুর ক্রেতা আসছেন বাংলাদেশের স্টলে। কিনছেনও পণ্য। তবে ক্রেতাদের বড় অভিযোগ টাকা নিয়ে। নোট বাতিল হওয়ার পর ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে ক্রেতারাও সাধের পণ্য কিনতে পারছেন না। তবু দেখা গেছে বাংলাদেশের পণ্যের প্রতি কলকাতার ক্রেতাদের যথেষ্ট আগ্রহ।