কলকাতায় ইন্দিরা গান্ধী স্বর্ণপদক গ্রহণ করলেন আতিউর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল সোমবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক গ্রহণ করেছেন।মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদকে ভূষিত করা হয়।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি আনুষ্ঠানিকভাবে আতিউর রহমানের হাতে এই পদক তুলে দেন।কলকাতায় এশিয়াটিক সোসাইটির ২২৮তম বার্ষিক সাধারণ সভায় আতিউর রহমানকে আনুষ্ঠানিকভাবে এই সম্মান জানানো হয়। সোসাইটির বিদ্যাসাগর হলে আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির সভাপতি পল্লব সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক মিহির কুমার চক্রবর্তীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। স্বর্ণপদক পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আতিউর রহমান বলেন, ‘এই স্বীকৃতি আমার নিজের নয়। বরং আমি এটাকে দারিদ্র্য বিমোচন ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়নে আমাদের মানবিক প্রচেষ্টার সর্বোচ্চ অগ্রাধিকারের স্বীকৃতি বলে মনে করি।’উল্লেখ্য, এশিয়াটিক সোসাইটি ১৯৮৫ সালে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক প্রবর্তন করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে এই পদক পান। এদিন বাংলাদেশের আরও দুই বিশিষ্ট ব্যক্তিকে পদক দেওয়া হয়। তাঁরা হলেন অধ্যাপক আনিসুজ্জামান ও বিশিষ্ট রাজনীতিবিদ ড. কামাল হোসেন। অধ্যাপক আনিসুজ্জামানকে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ শতবর্ষ পদক আর কামাল হোসেনকে দেওয়া হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদক।