কলকাতায় ঈদের বাজার এখন জমজমাট। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকার মার্কেট ও বিপণিবিতানগুলোতে দিন-রাত ভিড় লেগেই আছে। এ ছাড়া বিভিন্ন নামীদামি দোকান ও প্রতিষ্ঠান সংবাদপত্র ও টিভি চ্যানেলে নানা সুযোগ-সুবিধা প্রদানের ঘোষণা দেওয়ায় ঈদের বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। এবারের ঈদে বাংলাদেশ থেকে আসা বাহারি লুঙ্গির প্রচুর চাহিদা লক্ষ করা যাচ্ছে; যা প্রধানত নিউমার্কেট ও জানবাজার এলাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শৌখিন ক্রেতারাই মূলত এসব লুঙ্গি কিনছেন।সরেজমিনে দেখা যায়, কলকাতার রাজাবাজার, মেটিয়াব্রুজ, পার্ক সার্কাস, বেলগাছিয়া, খিদিরপুর, পার্ক স্ট্রিট, মানিকতলা, ধর্মতলা, গড়িয়া, বালিগঞ্জ, শ্যামবাজার, চিৎপুর, বড়বাজার, একবালপুর ও শিয়ালদহের দোকান ও মার্কেটগুলোতে সারাক্ষণ ভিড় লেগেই রয়েছে। এসব জায়গায় নানা রকমের কাপড়চোপড়, টুপি, জায়নামাজ, আতর, সুরমা, সুগন্ধি ইত্যাদি দেদার বিক্রি হচ্ছে।সেসঙ্গে ব্যাপক হারে বিক্রি হচ্ছে লক্ষো সেমাই, হায়দরাবাদী সেমাই ও লাচ্ছা সেমাই।