কলকাতায় বাংলাদেশি জামদানি শাড়ির মেলা উদ্বোধন
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে গতকাল বাংলাদেশের জামদানি শাড়ির সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে।কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ও বাংলাদেশ জামদানি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এ মেলার আয়োজন করেছে। এতে ২৫টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। মেলাটি প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যৌথভাবে মেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, জামদানি শাড়ি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি এম আর মোস্তাক, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।ভারতীয় উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে এখন শিল্প গড়ার অনুকূল পরিবেশ রয়েছে। ভারতীয় শিল্পপতিরা এগিয়ে এলে তাঁদের সার্বিক সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে।’জি এম কাদের কলকাতায় বাংলাদেশে একটি স্থায়ী বিক্রয়কেন্দ্র গড়ার আগ্রহ দেখিয়ে বলেন, ‘এতে এখানকার মানুষজন বাংলাদেশের পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।’