বিজয় দিবস সামনে রেখে ১৬ ডিসেম্বর থেকে কলকাতায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’।কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এই উৎসবের আয়োজন করছে। হাইকমিশন চত্বরে ২০ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।এই উৎসবে বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। তারা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করবে।কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে নিযুক্ত বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, গতবারের মতো এবারের উৎসবেও ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁত ও রাজশাহীর সিল্ক শাড়িসহ বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য, প্রসাধনী, মেলামাইনসামগ্রী, বই ও নানা ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শিত হবে। সেই সঙ্গে বাংলাদেশি ইলিশের রকমারি রান্না, ভুনা খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি, পিঠা-পুলি ও যশোরের সন্দেশসহ নানা ধরনের খাবার-দাবার থাকবে। কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত প্রেস সচিব কাজী মুস্তাক জহির প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে এই উৎসবে শিল্পী সৈয়দ আবদুল হাদি, সুবীর নন্দী, শাহীন সামাদ, শামা রহমান, অদিতি মহসিনসহ শিল্পকলা একাডেমীর ১০ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল যোগ দেবে।পাঁচ দিনের এই উৎসবের প্রতিদিনই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নামীদামি শিল্পীরা লোকগীতি, ভাওয়াইয়া, বাউল, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক গান পরিবেশন করবেন। এ ছাড়া রয়েছে নৃত্যানুষ্ঠান।