কলকাতা-ঢাকা-আগরতলা পথে পণ্যবাহী ট্রাক চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা–ঢাকা–আগরতলা পথে পণ্যবাহী যান চলবে। সে জন্য পরীক্ষামূলকভাবে পণ্যবাহী এই ট্রাকটি গতকাল রোববার কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। ছবিটি কলকাতা থেকে তোলা l প্রথম আলো
কলকাতা–ঢাকা–আগরতলা পথে পণ্যবাহী যান চলবে। সে জন্য পরীক্ষামূলকভাবে পণ্যবাহী এই ট্রাকটি গতকাল রোববার কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। ছবিটি কলকাতা থেকে তোলা l প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় পণ্যবাহী ট্রাক যাবে। এ জন্য গতকাল রোববার পরীক্ষামূলকভাবে একটি পণ্যবাহী ট্রাক কলকাতা থেকে ছেড়ে এসেছে।
এদিকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এ ট্রাকটি বনগাঁওয়ের পেট্রাপোল বন্দর দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।
এ বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আবদুল জলিল রাতে প্রথম আলোকে বলেন, পণ্যবাহী ট্রাকটি এখন শুল্ক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে।
কলকাতা থেকে আসা পণ্যবাহী ট্রাকটি পরিচালনা করছে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ডিএইচএল। এতে ইলেকট্রনিক পণ্য রয়েছে। বিবিসি জানিয়েছে, এসব পণ্যের অর্ধেক ঢাকায় নামবে। আর বাকি অর্ধেক যাবে আগরতলায়। গতকাল সকালে কলকাতায় এ পরীক্ষামূলক চালানের উদ্বোধন করেন ভারতের পরিবহন সচিব বিজয় ছিব্বার ও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তা মইনুল কবির।
এর আগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের চুক্তি হয়। এ চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল এ পরীক্ষামূলক পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।
এ পরীক্ষামূলক চালানের পণ্যবাহী ট্রাকটি কলকাতা-বেনাপোল-ঢাকা-আখাউড়া-আগরতলা পথে যাবে। বাংলাদেশের ভেতর দিয়ে এ পথে গেলে দূরত্ব কলকাতা থেকে আগরতলার দূরত্ব হবে ৬৪০ কিলোমিটার। আগের পথে (কলকাতা-শিলিগুড়ি-শিলং-করিমগঞ্জ-আগরতলা) গেলে এর দূরত্ব প্রায় ১ হাজার ৫৫০ কিলোমিটার।
১৩ নভেম্বর চার দেশের মধ্যে সড়কপথে যান চলাচলের উপযোগিতা পরীক্ষা করতে ভারত থেকে ‘মোটর র্যালি’ শুরু হবে। নেপাল, ভুটান ও বাংলাদেশ হয়ে তা কলকাতায় যাবে।
এ ছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, পরে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলার পণ্য নেওয়ার উদ্যোগ রয়েছে। ইতিমধ্যে এ বহুমাত্রিক পথে তিনটি পরীক্ষামূলক চালান কলকাতা থেকে আগরতলা গেছে। ভারতের এ পথে পণ্য নেওয়ার আগ্রহ বেশি। এ পথটি নিয়মিত করার বিষয়টি যাচাই-বাছাই করতে একটি যৌথ কমিটি কাজ করছে।
অবশ্য এর আগে ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত মানবিক কারণে ভারতকে বহুমাত্রিক পথটি তিনবার ব্যবহার করার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ। প্রথমবার এ পথ ব্যবহার করে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ গেছে। দ্বিতীয়বার ১০ হাজার টন চাল গেছে। বর্তমানে আরও ২৫ হাজার টন চালের একাধিক চালান ত্রিপুরায় নিচ্ছে ভারত।