কলরেট কমানোর ব্যাপারে মতামত চেয়েছে বিটিআরসি
মুঠোফোনের কলরেট কমানোর বিষয়ে দেশের ছয় মোবাইল ফোন অপারেটরের লিখিত মতামত জানতে চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩১ আগস্টের মধ্যে এ-সংক্রান্ত লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহীরা গতকাল সোমবার বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। গত বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গতকাল নির্ধারণ করা হয়েছিল। বৈঠকে কলরেটের বিষয়ে সবার বক্তব্য শোনার পর বিটিআরসি চেয়ারম্যান লিখিত মতামত জমা দেওয়ার নির্দেশ দেন।
বর্তমানে দেশে মুঠোফোনে প্রতি মিনিট কল করার সর্বোচ্চ সীমা (সিলিং) প্রতি মিনিট ২ টাকা ও সর্বনিম্ন সীমা (ফ্লোর প্রাইস) প্রতি মিনিট ২৫ পয়সা। এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করার ক্ষেত্রে সর্বনিম্ন কলরেট ৬০ পয়সা। বর্তমান নিয়ম অনুসারে, এক অপারেটরের কল অন্য অপারেটরে গেলে তার জন্য যে অপারেটরে কল যায় তাকে প্রতি মিনিটে ১৮ পয়সা দিতে হয়। আর প্রতি মিনিটের জন্য ৪ পয়সা দিতে হয় ইন্টার-কানেকশন এক্সচেঞ্জকে (আইসিএক্স)। ২০০৮ সালে ‘কস্ট মডেলিং’ পদ্ধতিতে এসব কলরেট নির্ধারণ করে বিটিআরসি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবে সর্বোচ্চ কল সীমা মিনিটপ্রতি দেড় টাকা করার প্রস্তাব করা হয়েছে। এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করার ক্ষেত্রে সর্বনিম্ন কলরেট ৪০ পয়সা করার প্রস্তাব আছে। আর ইন্টার-কানেকশন কলচার্জ ১৮ পয়সা থেকে কমিয়ে ১৩ পয়সা এবং আইসিএক্সের কলচার্জ ৪ পয়সা থেকে কমিয়ে ৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। মূলত এ বিষয়ে অপারেটরদের অবস্থান জানতেই বৈঠকটি হয়।
বৈঠকসূত্রে জানা গেছে, ইন্টার-কানেকশন কলচার্জ কমানোর ক্ষেত্রে অপারেটরদের মধ্যে মিশ্র মনোভাব আছে। পাঁচ বেসরকারি অপারেটরের মধ্যে দুই অপারেটর কলরেট কমানোর পক্ষে। আর বাকি তিন অপারেটরের অবস্থান এখনো পরিষ্কার নয়।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মোবাইল ফোন অপারেটরদের সংশ্লিষ্ট কেউই গণমাধ্যমে উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একটি অপারেটরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ভয়েস কলরেটের দিক দিয়ে বাংলাদেশের বাজার এখনই বিশ্বে অন্যতম সর্বনিম্ন। কলরেট আরও কমানো হলে তা অপারেটরদের সেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
বিটিআরসির লিখিত মতামতের ব্যাপারে ওই কর্মকর্তা জানান, ভয়েস কলরেটের ব্যাপারে যেকোনো সিদ্ধান্তের ব্যাপারে ‘কস্ট মডেলিং’ পদ্ধতি অনুসরণ করার ওপর আমাদের অবস্থান তুলে ধরা হবে।
অপারেটর-সংশ্লিষ্টরা আরও মনে করেন, কোনো অপারেটরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। কলরেট কমানো হলে তা সরকারের রাজস্ব আয় কমানোর পাশাপাশি অবৈধ ভিওআইপি কলের সংখ্যা বাড়িয়ে দিতে পারে।
এ বিষয়ে বিটিআরসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, কলরেট কমানো হবে কি হবে না—সেটা এখনই বলা যাবে না। সব মোবাইল ফোন অপারেটরের মতামত জেনেই কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।