কষ্ট হলেও সবাই খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কর মেলার পঞ্চম দিনে গতকাল রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে আসা করদাতারা মেঝেতে বসে ফরম পূরণ করছেন l প্রথম আলো
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কর মেলার পঞ্চম দিনে গতকাল রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে আসা করদাতারা মেঝেতে বসে ফরম পূরণ করছেন l প্রথম আলো

বেলা আড়াইটা। রাজধানীর আগারগাঁওয়ের কর মেলা প্রাঙ্গণ। শত শত মানুষ রিটার্ন জমা দেওয়ার জন্য ভিড় করেছেন। বেশির ভাগই কর মেলায় গিয়ে রিটার্ন ফরম পূরণ করছেন। নির্ধারিত চেয়ার-টেবিলে জায়গা না পেয়ে অনেককে মেঝেতে বসে রিটার্ন ফরম পূরণ করতে দেখা গেছে। রিটার্ন জমার বুথেও বেশ ভিড়। আবার এবারের মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় কর কার্ড। কর কার্ড নিতে বিশাল লাইন। কষ্ট হলেও রিটার্ন জমা দিয়ে কর কার্ড পেয়ে সবাই খুশি।

গতকাল রোববার সরেজমিনে এই চিত্র পাওয়া গেছে। হয়রানির আশঙ্কায় অনেকে কর কার্যালয়ে যেতে চান না। তাঁদের বেশির ভাগই কর মেলায় রিটার্ন দিতে এসেছেন। কিছুটা সময় লাগলেও রিটার্ন দিতে পেরে তাঁরা খুশি।

রাজধানীর রামপুরা থেকে রিটার্ন দিতে এসেছেন মিজানুর রহমান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। কয়েক বছর ধরেই মেলায় রিটার্ন জমা দেন। গতকালও মেলায় এসেছেন রিটার্ন জমা দিতে। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘কর কার্যালয়ে গেলে এটা নেই, ওইটা নেই—এসব বলে হয়রানি করে। রিটার্ন ফরমে নানা অসংগতি ধরার চেষ্টা করে। তাই ছুটি নিয়ে রিটার্ন দিতে এসেছি। এখানে সময় লাগলেও কোনো হয়রানি হওয়ার সুযোগ নেই।’

গতকাল দুপুরে মেলার প্রাঙ্গণে ঢুকতেই দেখা গেল, শত শত মানুষ রিটার্ন ফরম পূরণ করছেন। মূল প্রাঙ্গণের বাইরে করদাতাদের সুবিধার্থে চেয়ার-টেবিল আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ সমাগমের চাপ বেশি থাকায় সেসব চেয়ার-টেবিল সব সময় পূর্ণ থাকে। তাই মেলায় আসা করদাতাদের বেশির ভাগই কোনো উপায় না দেখে মেঝেতে বসেই ফরম পূরণসহ প্রয়োজনীয় কাজ শেষ করছেন। অনেকে বিভিন্ন বুথের আশপাশে একটুখানি জায়গা মিললেই সেখানে বসে পড়ছেন।

মিডিয়া সেন্টারের সামনের মেঝেতে বসে রিটার্ন ফরম পূরণ করছেন আবদুল্লাহ আল মামুন। তিনি ছোটখাটো সরবরাহের ঠিকাদারি ব্যবসা করেন। তিনি বলেন, ‘এখানে আসার পর আধঘণ্টা অপেক্ষা করেছি। কোনো চেয়ার খালি পাইনি। তাই নিরুপায় হয়ে মেঝেতে বসেই রিটার্ন ফরম পূরণ করছি। খারাপ লাগছে না। অনেকেই করছেন।’

এবার আসি কর কার্ড দেওয়ার লাইনের কী অবস্থা। এবারের মেলার বড় আকর্ষণ রিটার্ন জমা দিলেই কর কার্ড দেয় এনবিআর। রিটার্ন জমা দেওয়ার পর কর কার্ড পেতে আলাদা লাইনে দাঁড়াতে হয়। গতকাল দুপুরে দেখা গেছে, কর কার্ডের জন্য মানুষের বিশাল সারি। যদিও প্রাপ্তি রসিদ দেখালেই ওই বুথ থেকে কর কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু সবাই যেন কর কার্ড পেতেই বেশি আগ্রহী।

প্রতিদিনের মতো গতকালও কর শিক্ষণ ফোরামের কার্যক্রম ছিল। গতকাল এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ৩৬ শিক্ষার্থী। তাঁদের কর-সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পরে ওই বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সব বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহর পর্যন্ত এই মেলা হচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ১০১ জন বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। এর মধ্যে ৪৮ হাজার ৬৪ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এতে আয়কর পাওয়া গেছে প্রায় ২৭২ কোটি টাকা।

মেলার পঞ্চম দিন পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৬৩ জন এসেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৭৫৩ জন রিটার্ন দিয়েছেন। সব মিলিয়ে কর পাওয়া গেছে ১ হাজার ৪৭৩ কোটি টাকা।

সাত দিনের এই মেলার প্রথম দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় ছিল। কিন্তু করদাতাদের সুবিধার্থে গত শুক্রবার থেকে এই সীমা বাড়ানো হয়েছে। আজ ও আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।