কসবা সীমান্ত হাট উদ্বোধনের অপেক্ষায়
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ত্রিপুরার কমলাসাগর সীমান্ত এলাকায় দ্বিতীয় ‘সীমান্ত হাট’ উদ্বোধনের জন্য প্রস্তুতি শেষ হয়েছে। এখন তা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
ত্রিপুরার দৈনিক সংবাদ গত রোববার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটিকে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী বলেছেন, ‘বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভারত সরকার উদ্বোধনের দিন ঠিক করলেই উদ্বোধন করা হবে। উভয় দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রীসহ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।’ একই সঙ্গে কুমিল্লার সোনামোড়া এলাকার ভারত অংশের ল্যান্ড কাস্টমস স্টেশনও প্রস্তুত। এটিও উদ্বোধনের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ত্রিপুরার এই মন্ত্রী।
গত বছরের ২ মে কসবা-কমলাসাগর সীমান্ত হাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জয়েন্ট বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে স্থির হয়েছে উদ্বোধনের পর প্রতি বৃহস্পতিবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ হাট খোলা থাকবে।
চলতি বছরের গোড়ার দিকে ত্রিপুরার সাব্রুমোর শ্রীনগরে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে প্রথম সীমান্ত হাট চালু হয়েছে। গত ১৩ জানুয়ারি ভারত ও বাংলাদেশের দুই বাণিজ্যমন্ত্রী এটির উদ্বোধন করেন। প্রতি মঙ্গলবার এ হাটে কেনাবেচা চলছে।
ত্রিপুরার বাণিজ্যমন্ত্রীর বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, ইতিমধ্যে এ হাট দুই দেশের স্থানীয় জনগণের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। কেনাবেচাও বেশ ভালো হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে তিন মঙ্গলবার ত্রিপুরার দিক থেকে পণ্য বিক্রি হয়েছে ১২ লাখ ৮২ হাজার টাকার। আর একই সময়ে বাংলাদেশি পণ্য বিক্রি হয় ৭ লাখ ৮ হাজার টাকার।