কসবা সীমান্ত হাট এখনো 'নামফলকে'

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে জায়গাটি। জঙ্গলাকীর্ণ ও টিলাময় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী জায়গাটিতে মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। কিন্তু তিন-চার মাস ধরেই এই জায়গাটি নিয়ে কসবাসহ আশপাশের অঞ্চলের মানুষের আগ্রহ বেড়েছে। এখানে সীমান্ত হাট হবে।
ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তসংলগ্ন ওই এলাকার লোকজন এখানে প্রতি বৃহস্পতিবার নিত্যপণ্য বেচাকেনা করবেন। পাশাপাশি নিয়মিত দেখা হবে দেশভাগের ফলে সীমান্তের দুই পারে থাকা আত্মীয়স্বজন-পরিজনদের সঙ্গে।
ভারত সরকারের অনুরোধে ২০১৩ সালের মাঝামাঝি কসবায় একটি সীমান্ত হাট নির্মাণে সম্মত হয় বাংলাদেশ। শর্ত ছিল, ভারতই সীমান্ত হাটের সব স্থাপনা নির্মাণ করে দেবে। প্রস্তাবিত হাটটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন ও ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকার ২০৩৯ সীমান্ত পিলারসংলগ্ন।
নানা প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে গত ২১ মে ঘটা করে সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম ও ত্রিপুরার সিপাহীজলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি কে চাকমা। কথা ছিল, আগস্ট মাসের মধ্যে এই সীমান্ত হাটের সব অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশের অংশটি হস্তান্তর করবে ভারত।
কিন্তু গত সপ্তাহে সরেজমিনে দেখা গেছে, ভিত্তিপ্রস্তরের ফলকটি উদ্বোধনের পর কোনো কাজই করেনি ভারত। এর ফলে কসবার সীমান্ত এলাকার মানুষের স্বপ্ন এই প্রস্তরফলকেই চাপা পড়ে আছে।
সরেজমিন: গত সোমবার কসবা সীমান্ত হাট এলাকায় সরেজমিনে দেখা গেছে, সীমান্ত হাটের নির্ধারিত স্থানটি বেশ দুর্গম, পাহাড়ি জংলা এলাকা। বাংলাদেশ অংশে মানুষের আগাগোনা নেই বললেই চলে। জনমানবহীন একটি দুর্গম এলাকা যেন। মাঝেমধ্যে সীমান্তের ওপারে চলা গাড়ির শব্দ শোনা যায়।
সীমান্ত হাটের নির্ধারিত স্থানটিতে সাদা চুনকাম করা ইটের দেয়ালে কালো ভিত্তিপ্রস্তর ফলকটি রয়েছে। জঙ্গলাকীর্ণ এই স্থানটি বাংলাদেশ অংশে সমতল, আর ভারতের অংশে টিলা আর ছোট ছোট পাহাড়। কাঁটাতার দিয়ে ভারতের সীমান্তরেখা আলাদা করা রয়েছে। আর কাঁটাতারের ওপারে কিছু দূরে কমলাসাগর নামের দিঘিটি। পাশে একটি মন্দির। কিন্তু সীমান্ত হাটে বাংলাদেশ ও ভারতের অংশ থেকে আসার মতো সড়ক তৈরি নেই।
কসবা রেলস্টেশন থেকে সীমান্ত হাটে যাওয়ারও কোনো সড়ক নেই। স্টেশনের রেলপথ পেরিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে সীমান্ত হাটের সেই নির্ধারিত স্থানে যেতে হয়। মধ্যবর্তী স্থানটি পুরোপুরি জঙ্গল। ছোট-বড় গাছগাছালিতে পরিপূর্ণ। তবে সীমান্ত পিলার ঘেঁষে একটি হাঁটা পথ রয়েছে।
কথা রাখছে না ভারত: সীমান্ত হাটটি ১৫০ শতাংশ বর্গাকার জমির ওপরে নির্মিত হবে। শূন্যরেখা থেকে ভেতরের দিকে ৭৫ শতাংশ জমি দিয়েছে বাংলাদেশ। আর একইভাবে ভারত দিয়েছে বাকি ৭৫ শতাংশ। সীমান্ত হাটের চারপাশে ২৫ থেকে ৩০ ফুট উচু কাঁটাতারের দেয়াল তৈরি করা হবে। বাংলাদেশ ও ভারতের জন্য কাঁটাতারের ভেতরে ছাউনির মতো ৩০টি করে মোট ৬০টি দোকান তৈরি হবে। পুরোপুরি স্থানটি পাকা করা হবে। এ ছাড়া দুই দেশের দুই অংশে প্রবেশ ও বের হওয়ার জন্য গেট থাকবে। এসব স্থাপনা চলতি আগস্ট মাসের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা সরকার। এ জন্য ত্রিপুরা সরকার বাংলাদেশি টাকায় দুই কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ রেখেছে বলে জানা গেছে।
কিন্তু মধ্য আগস্টেও অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেনি ভারত। কবে কাজ শুরু হবে, কবে শেষ হবে, তা সীমান্ত হাট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি সরকারি কোনো কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিও জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সদস্য কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর
এ বিষয়ে আর কোনো বৈঠক হয়নি। পুরো বিষয়টি কমিটির আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দেখছেন।
যোগাযোগ করা হলে এডিএম নাজমা বেগম বলেন, কেন সীমান্ত হাটের নির্মাণকাজ শুরু হচ্ছে না, এই বিষয়ে জানতে শিগগিরই ত্রিপুরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।
যেভাবে চলবে সীমান্ত হাট: প্রতি বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাট চলবে। সীমান্ত হাটে একসঙ্গে ১৫০ জন করে দুই দেশের ৩০০ ক্রেতা কেনাকাটা করতে পারবেন। সীমান্ত হাটে ভারত ও বাংলাদেশের দুই দিকে দুটি গেট থাকবে। এই গেট দিয়ে প্রবেশের সময় নাম নিবন্ধনসহ একটি টোকেন দেওয়া হবে। পরে ক্রেতারা বেরিয়ে সেই টোকেন জমা দিয়ে আসবেন। একসঙ্গে ৩০০-এর বেশি ক্রেতার সমাগম হলে অতিরিক্তদের বাইরে অপেক্ষা করতে হবে। কোনো ক্রেতা কেনাকাটা শেষ করে বেরিয়ে এলে বাইরে থাকা আরেকজন হাটে প্রবেশ করবেন।
অন্যদিকে প্রতিটি দেশের ৩০ জন করে ৬০ জন বিক্রেতা তাঁদের পণ্য নিয়ে হাটে যাবেন। তবে কেউ ৫০ কেজির বেশি পণ্য নিতে পারবেন না। কোনো পণ্যের নির্ধারিত মূল্য থাকবে না। দর হাঁকাহাঁকি করে বেচাবিক্রির সুযোগ থাকবে। সীমান্ত এলাকার পাঁচ বর্গকিলোমিটারের মধ্যে থাকা ব্যবসায়ীরাই সীমান্ত হাটে পণ্য বিক্রি করতে পারবেন। হাট পরিচালনা পর্ষদই স্থানীয় ব্যবসায়ীদের মধ্য থেকে বিক্রেতা নির্বাচন করবেন।
মুদ্রা চলবে দুই দেশেরই। প্রতি হাটবারে দুই দেশের হাট পরিচালনা পর্ষদই মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে দেবে।
সীমান্ত হাটে বাংলাদেশের পক্ষ থেকে যেসব সামগ্রী বিক্রি করা হবে, তার মধ্যে রয়েছে: প্লাস্টিকসামগ্রী, বিস্কুট, পুরুষের ব্যবহার্য লুঙ্গি, শুকনা মাছ (শুঁটকি), বেকারিসামগ্রী, শাকসবজি, অ্যালুমিনিয়ামসামগ্রী, রান্নার সামগ্রী, ফলের জুস, ফলমূল, মেলামাইনসামগ্রী, স্থানীয়ভাবে তৈরি করা ক্ষুদ্র কৃষি ও গৃহনির্মাণসামগ্রী, খাদি কাপড়, কসমেটিকস এবং টয়লেটিজসামগ্রী।
ভারতের পক্ষ থেকে যেসব সামগ্রী বিক্রি করা হবে, তার মধ্যে রয়েছে: শাকসবজি, ফলমূল, মসলা, বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, স্থানীয় প্রক্রিয়ায় তৈরি করা পণ্যসামগ্রী, স্থানীয়ভাবে তৈরি করা ক্ষুদ্র কৃষি ও গৃহনির্মাণসামগ্রী, তৈরি কাপড়, প্লাস্টিকসামগ্রী, কসমেটিকস, টয়লেটিজসামগ্রী, জুয়েলারিসামগ্রী, অ্যালুমিনিয়ামসামগ্রী, রান্নার সামগ্রী, গোল আলু, স্টিলসামগ্রী, চা-পাতা, পাটপণ্য, কনফেকশনারি ও বেকারিসামগ্রী।
কসবার ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সীমান্ত হাটে ভারতীয় পণ্যই বেশি বিক্রি হবে। কেননা, কসবার পৌর এলাকার পাশেই সীমান্ত হাট। আর পৌর এলাকার মানুষই সেখানে যাবে পণ্য কিনতে। পৌর এলাকার মানুষের আয়ও বেশি, ক্রয়ক্ষমতাও বেশি। কিন্তু ত্রিপুরার সিপাহীজলা জেলাটি বেশ দারিদ্র্যপ্রবণ। এসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষের ক্রয়ক্ষমতাও সীমিত।
আগ্রহের কমতি নেই কসবাবাসীর: সীমান্ত হাট হবে—এ নিয়ে আগ্রহের কমতি নেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ কসবাবাসীর। সবাই অধীর অপেক্ষায় আছেন, কবে সীমান্ত হাট চালু হবে। এমনকি পাশের উপজেলা আখাউড়াবাসীর মধ্যে বেশ আগ্রহ রয়েছে।
কসবা পৌর শহরের পুরাতন বাজারে শাকসবজি বিক্রি করেন আবদুল আউয়াল। প্রথম আলোকে বলেন, সীমান্ত হাটে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করে প্রচুর পরিমাণে আয় করা যাবে।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন বলেন, সীমান্ত হাটে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিক্রি করা হবে। এতে করে এই এলাকার মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
তাছাড়া সীমান্ত হাট হলে এসব সীমান্তের দুই পারে থাকা লোকজন নিকটাত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবেন।
কসবা পৌর এলাকার সাহাপাড়ার বাসিন্দা নেপাল চন্দ্র সাহা বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বনকুমারী এলাকার কৃষি কর্মকর্তা নন্দদুলাল রায় তাঁর নিকটাত্মীয়। কিন্তু পাসপোর্ট-ভিসার জন্য দেখা করা যায়নি।