কসবায় সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে৷
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি কে চাকমা যৌথভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷
এর আগে গতকাল সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকার কুমিল্লা রেস্ট হাউসে ভারত-বাংলাদেশ দুই দেশের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নাজমা বেগম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহম্মেদ প্রমুখ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি কে চাকমা, জনপ্রতিনিধি সায়া সরকার, ত্রিপুরার শিল্পাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নরেন্দ্র আগরওয়াল প্রমুখ।
বিকেলে ভারতের কমলাসাগর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে ভারতের ত্রিপুরার বিধায়ক নারায়ণ চৌধুরীসহ ভারত ও বাংলাদেশের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা সীমান্তের ২০৩৯ পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের পাঁচ হাজার ৬২৪ বর্গফুট জায়গায় সীমান্ত হাট নির্মাণ করা হবে। ভারত সরকারের নিজস্ব অর্থায়নে দুই কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে এ সীমান্ত হাটের নির্মাণকাজ করা হবে।
আগামী সেপ্টেম্বর মাসে এ সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দুই দেশের ৩০টি করে ৬০টি দোকান বসবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ হাট চলবে।