কাঁকড়ার বিদেশযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশ পায়ের কাঁকড়া, রপ্তানির সম্ভাবনাময় এক পণ্য।
দশ পায়ের কাঁকড়া, রপ্তানির সম্ভাবনাময় এক পণ্য।

দশ পায়ের কাঁকড়া, রপ্তানির সম্ভাবনাময় এক পণ্য। দেশের উপকূলীয় এলাকায়, বিশেষ করে সুন্দরবন অঞ্চল থেকে প্রচুর কাঁকড়া ধরা হয়। আহরিত এই কাঁকড়ার একটি বড় অংশেরই গন্তব্য চীন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) এ দেশ থেকে ৫১ লাখ ৫৯ হাজার ৭০৭ ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে। এর মধ্যে শুধু চীনেই গেছে ৪৭ লাখ ৩৩ হাজার ১০৯ ডলারের কাঁকড়া। সে দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার চাহিদা বেশ।
ইপিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাঁকড়া রপ্তানি যথেষ্ট সম্ভাবনাময়। বাংলাদেশি কাঁকড়ার চাহিদা বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে। ফলে প্রতিবছর এর রপ্তানিও বাড়ছে। চাষিদের দিক থেকেও এটি লাভজনক। সে কারণে এখন অনেকেই খামারে কাঁকড়া চাষে এগিয়ে আসছেন।
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিলড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গাজী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি কাঁকড়ার চাহিদা বিভিন্ন দেশে বাড়ছে, বিশেষ করে চীনে। সে কারণে আমাদের রপ্তানির পরিমাণও প্রতিবছর বাড়ছে। সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পেলে রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে।’
মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের তথ্য অনুযায়ী, দেশে ১৫ প্রজাতির কাঁকড়া রয়েছে। এর মধ্যে সামুদ্রিক কাঁকড়া ১১ প্রজাতির। তবে রপ্তানি হয় মূলত শীলা ও সাঁতারু কাঁকড়া। বর্তমানে শুধু শীলা কাঁকড়াই রপ্তানি হচ্ছে। জীবন্ত ও হিমায়িত—দুভাবেই শীলা কাঁকড়া রপ্তানি হয়।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সংগ্রহ করা হয় কাঁকড়া। এ কাঁকড়া সর্বোচ্চ দেড় কেজি ওজনের হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি—এ সময়ে বেশি কাঁকড়া ধরা হয়।
সবচেয়ে বেশি কাঁকড়া পাওয়া যায় সুন্দরবন এলাকায়।
বন বিভাগ বলছে, ১৯৮৪-৮৫ অর্থবছরে সুন্দরবন থেকে ১০ টন কাঁকড়া আহরণ করা হয়েছিল। সেখান থেকে ২০১১-১২ অর্থবছরে আহরিত হয়েছে ৯৭৮ টন কাঁকড়া। বর্তমানে এখান থেকে কাঁকড়া আহরণের পরিমাণ এক হাজার টন ছাড়িয়ে যাওয়ার কথা বলছে বন বিভাগ। শুধু খুলনা বিভাগের ৫০ হাজার মানুষ কাঁকড়া ধরা ও বিপণনের সঙ্গে জড়িত।
রপ্তানি বাড়ছে: বাংলাদেশ থেকে ১৯৭৭ সালে প্রথম দুই হাজার ডলারের কাঁকড়া রপ্তানি হয়। আর গত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ডলারে। আগের বছর, ২০১২-১৩ অর্থবছরে ১ কোটি ৫৮ লাখ ডলারের কাঁকড়া রপ্তানি হয়েছে। ২০১১-১২ অর্থবছরে রপ্তানি হয়েছে ৭২ লাখ ডলারের কাঁকড়া।
দেশ থেকে রপ্তানি হওয়া কাঁকড়ার ৯২ শতাংশই যাচ্ছে চীনে। এর বাইরেও রপ্তানি হয় মালয়েশিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান ও সিঙ্গাপুরে।
পরিমাণের দিক থেকেও কাঁকড়ার রপ্তানি বেড়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে এ দেশ থেকে ২ হাজার ৯৭৩ টন কাঁকড়া রপ্তানি হলেও ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪১৬ টনে। বর্তমানে রপ্তানি ৫ হাজার টন ছাড়িয়েছে।
রপ্তানিকারকেরা বলছেন, রপ্তানি হওয়া কাঁকড়ার ৮০-৮৫ শতাংশই প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা। বাকিটা খামারে পরিচর্যা করে (ফ্যাটেনিং) রপ্তানি হয়। আহরণকারীরা যত কাঁকড়া ধরেন, তা রপ্তানিকারকদের হাতে পৌঁছার আগেই ১০-১৫ শতাংশ মারা যায়। রপ্তানিকারকেরা এরপর ফ্যাটেনিং করেন। ওই অবস্থায় অসুস্থ ও পা ভাঙা কাঁকড়া আলাদা করে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। কিছু কাঁকড়া মারাও যায়। সাকল্যে ৫৫ থেকে ৬০ শতাংশ কাঁকড়া রপ্তানি করা হয়।
খুলনা অঞ্চলের চাষিরা জানান, প্রতি কেজি ছোট কাঁকড়া (প্রতিটি ৪০-৫০ গ্রাম) ৬০-৮০ টাকায় সংগ্রহ করে ফ্যাটেনিং করা হয়। তিন মাসেই পুরুষ কাঁকড়া ৪০০-৫০০ গ্রাম এবং মহিলা কাঁকড়া ১৮০-২৫০ গ্রামে পরিণত হয়। পরিপুষ্ট কাঁকড়া ৯০০-১০০০ টাকা কেজি বিক্রি ও রপ্তানি হয়। এই অল্প সময়েই কাঁকড়া বিক্রি থেকে কেজিতে লাভ হয় ৫০০ থেকে ৬০০ টাকা।
বন বিভাগের অনাপত্তিপত্রই বড় বাধা: কাঁকড়া রপ্তানিকারকেরা বলছেন, কাঁকড়া রপ্তানির ক্ষেত্রে বন বিভাগের অনাপত্তিপত্র নিতে হয়। এই অনাপত্তিপত্র পেতে প্রতি কেজিতে বন বিভাগকে তিন টাকা করে দিতে হয়।
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিলড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব গাজী আবুল হাশেম বলেন, ‘বিশ্বের কোনো দেশেই পচনশীল পণ্যের ক্ষেত্রে এনওসি নিতে হয় না। আমাদের কাঁকড়া রপ্তানির সময় নিতে হয়। আমরা এটাও দিতে রাজি। তবে এ অনাপত্তিপত্রটা যেন একটু দ্রুত দেওয়া হয়, যাতে করে রপ্তানি বাধাগ্রস্ত না হয়।’
কাঁকড়া ও পরিবেশের ওপর প্রতিক্রিয়া: ধারণা করা হয়, কাঁকড়া পরিবেশের, বিশেষ করে মাটির ভারসাম্য রক্ষা করে। সে কারণে অধিক হারে কাঁকড়া ধরলে তার বিরূপ প্রভাব পড়ে পরিবেশের ওপর। তাই পরিবেশবাদীদের কেউ কেউ ব্যাপক হারে কাঁকড়া আহরণ এবং তা রপ্তানির বিরোধিতা করেন।
এর সঙ্গে একদমই একমত নন কাঁকড়া রপ্তানিকারক সমিতির গাজী আবুল হাশেম। তিনি বলেন, কাঁকড়ার আয়ু গড়ে ছয় মাস। এই সময়ের পর কাঁকড়া মারা যায়। তাহলে পরিবেশ বিপর্যয়ের প্রশ্ন আসে কীভাবে? তিনি বলেন, ‘আমরা প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়া ধরি না। ওই কাঁকড়াগুলো কিছুটা দুর্বল হয়। আমরা ৮০ শতাংশ কাঁকড়া চিংড়িঘের থেকে সংগ্রহ করি। এগুলো চিংড়ি খায় বলে বেশ সবল থাকে।’
কাঁকড়া নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এস বি সাহা। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কাঁকড়া আহরণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কি না, এ-সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই। তবে বর্তমান হারে কাঁকড়া ধরলে কোনো প্রভাব পড়বে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুন্দরবন অঞ্চলে ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৬৩৩ টন কাঁকড়া ধরা হয়েছে। প্রতিটি কাঁকড়ার ওজন গড়ে ১৫০ গ্রাম ধরলে এ সময়ে ৪২ লাখ ২০ হাজারটি কাঁকড়া ধরা হয়েছে।
এস বি সাহা বলেন, প্রাকৃতিক উৎস থেকে একটি বাগদা চিংড়ির পোনা ধরলে সঙ্গে আরও ১০০টি অন্যান্য চিংড়ির পোনাও উঠে আসে। কিন্তু কাঁকড়ার ক্ষেত্রে তেমনটা হয় না। অন্য পোনা উঠলে ছেড়ে দেওয়া হয়। অধিক হারে কাঁকড়া ধরা হলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ে, তা নিবিড় গবেষণার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সরকারের কাছে দেওয়া হয়েছে।
১৫ প্রজাতির কাঁকড়া রয়েছে দেশে
১০০০ টন ধরা হয় সুন্দরবন থেকে
৫০ হাজার মানুষ কাঁকড়া ধরা ও বিপণনের সঙ্গে জড়িত (খুলনা বিভাগের)
৯২% রপ্তানি হচ্ছে চীনে
২ হাজার
১৯৭৭-৭৮
৭২ লাখ
২০১১-১২
১ কোটি ৫৮ লাখ
২০১২-১৩
২ কোটি ২৯ লাখ
২০১৩-১৪
৫১ লাখ ৫৯ হাজার
২০১৪-১৫
রপ্তানির পরিমাণ (ডলারে)
সূত্র: মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, ইপিবি ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট

“কাঁকড়া আহরণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কি না এ–সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই
এস বি সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট