কাঁকড়া-কুচিয়া চাষে বিশেষ প্রকল্প

বিদেশে রপ্তানির জন্য কাঁকড়া ও কুচিয়ার চাষকে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সারা দেশের বিভিন্ন জেলা থেকে ছয় হাজার কুচিয়া ও কাঁকড়াচাষি তৈরি করা হবে। ২৯টি জেলায় পরীক্ষামূলকভাবে পুকুরে কুচিয়া ও কাঁকড়ার চাষ করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ টাকা।
গত মার্চ মাসে ‘বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা’ শিরোনামের এ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়।
বর্তমানে উপকূল অঞ্চলে বসবাস করেন কিংবা যাঁরা আদিবাসী, তাঁরা স্বল্প পরিসরে স্থানীয়ভাবে কাঁকড়া ও কুচিয়ার চাষ করেন। এসব এলাকায় কাঁকড়া ও কুচিয়া চাষে উৎসাহী খামারিদের প্রশিক্ষণ দেবে মৎস্য অধিদপ্তর। প্রাথমিকভাবে ওই অঞ্চলের মৎস্য অধিদপ্তর কার্যালয় থেকে উৎসাহী চাষিদের আমন্ত্রণ জানানো হবে। তবে এর আগে প্রথমে মৎস্য অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর সেই প্রশিক্ষকেরা সংশ্লিষ্ট এলাকার কাঁকড়া ও কুচিয়া চাষে উৎসাহীদের প্রশিক্ষণ দেবেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের নগদ অর্থও দেওয়া হবে। ২৮৭টি ব্যাচে কমবেশি ৩০ জন করে ছয় হাজার কাঁকড়া ও কুচিয়া খামারি তৈরি করা হবে প্রশিক্ষণের মাধ্যমে। এ পর্যায়ে এনজিওর সম্প্রসারণ কর্মী ও উদ্যোক্তারাও প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণপ্রাপ্ত খামারি নিজের বা লিজ নেওয়া পুকুরে কাঁকড়া ও কুচিয়া চাষ করবেন। এঁরা উদ্যোক্তা হিসেবে কাঁকড়া ও কুচিয়া চাষ করে বিদেশে রপ্তানি করবেন।
পুরো প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত।
এ ছাড়া স্থানীয় লোকজন যাতে কাঁকড়া ও কুচিয়া চাষে উৎসাহী হন, সে জন্য সারা দেশের বিভিন্ন জেলার ২৪৯টি পুকুরে কাঁকড়া চাষ করে প্রদর্শন করা হবে। আর ২৪০টি পুকুরে কুচিয়ার চাষ প্রদর্শিত হবে। এসব পুকুরে কীভাবে কাঁকড়া ও কুচিয়া চাষ হয়, তা হাতে-কলমে শেখানো হবে।
কাঁকড়া চাষে উপকূলীয় অঞ্চলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, কক্সবাজার, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় কাঁকড়া চাষে উৎসাহীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, দিনাজপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, বরিশাল, খুলনা ও সাতক্ষীরায় কুচিয়া চাষে উৎসাহীরা এ সরকারি প্রশিক্ষণ পাবেন। তবে নৃগোষ্ঠীর লোক যেসব জেলায় বসবাস করেন, সেসব জেলাকে গুরুত্ব দেওয়া হবে।
প্রকল্পের প্রস্তাবিত পরিচালক বিনয় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিদেশে কুচিয়া ও কাঁকড়ার বিপুল চাহিদা রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কাঁকড়া ও কুচিয়া চাষে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত খামারিরা কাঁকড়া ও কুচিয়া চাষ করে বিদেশে রপ্তানির পরিমাণ কয়েক গুণ বাড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিনয় চক্রবর্তী মূলত কুচিয়া নিয়ে গবেষণা করেন। তিনি জানান, বাংলাদেশের আদিবাসীরা তাঁদের শত বছরের পুরোনো পদ্ধতিতে খাল-বিল থেকে কুচিয়া ধরেন। প্রাথমিকভাবে তাঁদের ঐতিহ্য অনুযায়ী কীভাবে কুচিয়া ধরেন ও সংরক্ষণ করেন সে সম্পর্কে ধারণা নেওয়া হবে। পরে তাঁদের আরও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও টেকসইভাবে কুচিয়া চাষের প্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারি-বেসরকারি পর্যায়ে কাঁকড়ার কোনো হ্যাচারি গড়ে না ওঠায় অনিয়ন্ত্রিতভাবে খাল-বিল, সমুদ্র উপকূল অঞ্চল থেকে কুচিয়া ও কাঁকড়ার পোনা সংগ্রহ করা হয়। এতে জলজ অন্য প্রাণীর জীবনও হুমকির সম্মুখীন হয়। তাই এ দুটি জলজ প্রাণী ধীরে ধীরে কমে যাচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কুচিয়ার চাহিদা থাকায় এ দেশের ময়মনসিংহ ও শেরপুরের নৃগোষ্ঠীর লোকেরা প্রকৃতি থেকে কুচিয়া সংগ্রহ করে রপ্তানি করেন। জানা গেছে, বাংলাদেশের একটি কুচিয়ার ওজন সাধারণত ৩০০ থেকে ২০০০ গ্রাম পর্যন্ত হয়। পৃথিবীর অন্য দেশে কুচিয়ার আকার ১০০০ গ্রামের বেশি হয় না। ফলে বিদেশে বাংলাদেশি কুচিয়ার চাহিদা দিনে দিনে বাড়ছে।
রপ্তানি: বাংলাদেশ থেকে ১৯৭৭ সালে প্রথম দুই হাজার ডলারের কাঁকড়া রপ্তানি হয়। গত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ডলারে। পরিমাণের দিক থেকে গত বছর পাঁচ হাজার টন কাঁকড়া রপ্তানি হয়েছে। চীনে বেশি কাঁকড়া রপ্তানি হয়। মালয়েশিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়া ও দূরপ্রাচ্যের দেশগুলোতেও কাঁকড়া রপ্তানি হয়।
বাংলাদেশে উৎপাদিত কুচিয়া সাধারণত দক্ষিণ কোরিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রপ্তানি হয়। ২০১০-১১ অর্থবছরে ২৭ লাখ ডলারের কুচিয়া রপ্তানি হয়েছে। জানা গেছে, গত অর্থবছরে তা এক কোটি ডলার ছাড়িয়েছে।