কাঁচা চামড়া রপ্তানি চান না ব্যবসায়ীরা
শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার যে পরিকল্পনার কথা বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, তাতে হতাশ চামড়া খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী ও ট্যানারি মালিকেরা।খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার এমন সিদ্ধান্তে যায়, তাহলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন। রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিও জানিয়েছেন তাঁরা।রাজধানীর ধানমন্ডিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মত দিয়েছেন চামড়া খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।সচিবালয়ে গত বুধবার বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘চামড়াশিল্প নিয়ে সরকার উদ্বিগ্ন। ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে আমরা জেনেছি।’ ব্যবসায়ীরা বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কম ও মজুদ চামড়া বিক্রি না হওয়ায় এবার দেশে চামড়ার বাজার মন্দা। তাই চামড়া পাচারের সম্ভবনা রয়েছে। এ কারণে শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া বৈধভাবে রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।’সংবাদ সম্মেলনে বিএফএলএলএফইএর সভাপতি বেলাল হোসেন বলেন, ‘দেশের অভ্যন্তরে সারা বছর সংগৃহীত চামড়া দিয়ে দেশীয় ট্যানারিগুলোর চাহিদার ৭৫ শতাংশ পূরণ হয়। বাকিটা আমদানি করতে হয়। এ অবস্থায় সরকার কীভাবে কাঁচা চামড়া রপ্তানির চিন্তা করে?’চামড়ার কম দামের বিষয়ে বেলাল হোসেন বলেন, ‘এবার প্রতি চামড়ায় ৩০০ থেকে ৫০০ টাকা যে কমেছে, তা আন্তর্জাতিক বাজার মন্দার কারণে। এ অবস্থায় বেশি দামে আমরা চামড়া কিনলে লোকসান হবে।’সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম আনসারী বলেন, ‘১৯৯০ সালে ক্রাস্ট বা ফিনিসড লেদার রপ্তানি হতো না, হতো শুধু ওয়েট ব্লু (চামড়া থেকে পশম ছাড়িয়ে সংরক্ষণ করা) চামড়া। তখন হঠাৎ সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ ঘোষণা করে। সরকার এখন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাতে এ খাতে ধস নামবে।’ তিনি আরও বলেন, কোরবানির সময় মৌসুমি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে হবে। নইলে বাজার ঠিক হবে না।সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হুদা, চামড়ার আড়তদারদের সমিতির সহসভাপতি ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।