কাঁচা চামড়া রপ্তানি না করার পক্ষে ব্যবসায়ীরা
মৌসুমি ব্যবসায়ীদের কথায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।সচিবালয়ে গতকাল সোমবার বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এ দাবি জানান। তবে ব্যবসায়ীরা দাবি জানালেও বৈঠকে কোনো সিদ্ধান্ত দেননি বাণিজ্যসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সচিব কোনো কথাও বলেননি।লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলইএ) এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসো-সিয়েশন (বিএইচএসএমএ) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই বৈঠক করে।এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিএফএলএলইএর চেয়ারম্যান বেলাল হোসেন, বিএইচএসএমএর সভাপতি মোহাম্মদ আফতাব, ট্যানারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, দেশে চাহিদার চেয়ে চামড়া উৎপাদন কম। বছরে দুই কোটি ২০ লাখ বর্গফুট চামড়া উৎপাদন হয়। চাহিদা রয়েছে এর দ্বিগুণ। এ অবস্থায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। ঈদের সময় চামড়ার দাম কম থাকার বিষয়ে ব্যবসায়ীরা জানান, তাঁরা প্রতি বর্গফুট চামড়া কিনেছেন ৮০ থেকে ৯০ টাকা দরে। উৎপাদন পর্যায় থেকে চার হাত ঘুরে এই চামড়া ঢাকায় তাঁদের কাছে আসে। এ কারণে দাম কম হতে পারে উৎপাদন পর্যায়ে।উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের উৎপাদন পর্যায়ের ক্ষতি মোকাবিলায় কাঁচা চামড়া রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছিলেন।ব্যবসায়ীদের গতকালের মতামত আজ মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বাণিজ্যসচিব। এর পরই কাঁচা চামড়া রপ্তানির হবে কি হবে না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।