কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার
শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ট্যানারির মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। তিনি বলেন, চামড়াশিল্প নিয়ে সরকার উদ্বিগ্ন।গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে আমরা জেনেছি।’ ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম ও মজুদ চামড়া বিক্রি না হওয়ায় এবার দেশে চামড়ার বাজার মন্দা। তাই চামড়া পাচারের সম্ভাবনা রয়েছে। এ কারণে শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া বৈধভাবে রপ্তানির সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। এ ক্ষেত্রে দুটি শর্ত বেঁধে দেওয়া হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাঁচা চামড়া রপ্তানির ক্ষেত্রে প্রতি বর্গফুটের বিপরীতে একটা ন্যূনতম দর বেঁধে দেওয়া হবে এবং রপ্তানির বিপরীতে সরকারকে কর দিতে হবে।’মন্ত্রী আরও জানান, ট্যানারির মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে দুই-এক দিনের মধ্যে বৈঠক করে এক সপ্তাহের ভেতর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ব্যবসায়ীরা বলছেন, ইউরোপের মন্দার কারণে কোরবানির ঈদের আগে কাঁচা চামড়ার দাম প্রায় ২০ শতাংশ কমে গেছে। এই অজুহাতে শেষ পর্যন্ত কোরবানির পশুর চামড়া সংগ্রহের দর নির্ধারণ করেননি তাঁরা। আর এ সুযোগ নিয়েছেন সারা দেশের চামড়া সংগ্রহকারী ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা। কম দামেই চামড়া কিনেছেন তাঁরা। গত বছরের তুলনায় এ বছর প্রতিটি গরুর চামড়া ৩০০ থেকে ৫০০ টাকা কমে বিক্রি হয়েছে।এদিকে চামড়াসংশ্লিষ্ট সংগঠনগুলো এ বছর কোরবানির গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে ৪৫ থেকে ৫০ লাখ। আর ছাগল-ভেড়া-খাসির লক্ষ্যমাত্রা ঠিক করে ১৭ থেকে ২০ লাখ। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার মোট চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে। ট্যানারির মালিকেরা দুভাবে চামড়া সংগ্রহ করেন। কিছু চামড়া সরাসরি কেনেন। আর বাকি চামড়া চকবাজারের পোস্তার আড়ত থেকে সংগ্রহ করেন। এখানে শনিবার থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে জানা গেছে।