কাঁচা পাট ক্রয়ে খুলনায় সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা পাট ক্রয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খুলনা অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকল। সাড়ে তিন মাসের মধ্যেই এসব পাটকলে চলতি ২০১০-১১ অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ কাঁচা পাট কেনা সম্পন্ন হয়ে গেছে। জানা গেছে, চলতি অর্থবছরে এই সাতটি পাটকলের জন্য কাঁচা পাটের মোট চাহিদা প্রাক্কলন করা হয় আট লাখ ১৫ হাজার ৭৯৮ কুইন্টাল। মধ্য অক্টোবর পর্যন্ত কেনা হয়েছে প্রায় ছয় লাখ ৪২ হাজার কুইন্টাল পাট। স্বাধীনতার পর এটাকেই এসব পাটকলে কাঁচা পাট কেনার রেকর্ড বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, ইতিমধ্যে আলিম জুট মিলে ৫২ হাজার ৩০৫ কুইন্টাল লক্ষ্যমাত্রার বিপরীতে ২৯ হাজার ২৭১ কুইন্টাল, কার্পেটিং জুট মিলে ৩২ হাজার ৩২১ কুইন্টাল লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ হাজার ৭৩৮ কুইন্টাল, ক্রিসেন্ট জুট মিলে দুই লাখ ৫৪ হাজার ৬৩৫ কুইন্টালের বিপরীতে দুই লাখ ১৯ হাজার ৬৫৪ কুইন্টাল কাঁচা পাট কেনা হয়েছে। ইস্টার্ন জুট মিলে ৬৪ হাজার ৭৭ কুইন্টালের বিপরীতে ৬৬ হাজার ২২ কুইন্টাল, জেজেআই জুট মিলে ৮৮ হাজার ৭৫১ কুইন্টালের বিপরীতে ৫৭ হাজার ২১৯ কুইন্টাল, প্লাটিনাম জুট মিলে দুই লাখ এক হাজার ৫০ কুইন্টালের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৩০২ কুইন্টাল, স্টার জুট মিলে এক লাখ ২২ হাজার ৬৫৯ কুইন্টালের বিপরীতে ৯২ হাজার ৭৫২ কুইন্টাল কাঁচা পাট কেনা হয়েছে।বিজেএমসির সূত্রমতে, বর্তমানে সাতটি পাটকলে কাঁচা পাট মজুদ আছে পাঁচ লাখ সাত হাজার ৩৮৩ কুইন্টাল, যা দিয়ে আগামী ছয় মাস মিলগুলোয় পুরোদমে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করা যাবে। স্বাধীনতা-পরবর্তী আর কোনো বছরই মিলগুলোয় এত কাঁচা পাট মজুদ ছিল না বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা গেছে, এবারে প্রতি কুইন্টাল কাঁচা পাটের ক্রয়মূল্য পড়েছে গড়ে প্রায় চার হাজার ৫৩১ টাকা।প্রথম আলোর সঙ্গে আলাপকালে খুলনার এসব পাটকলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা জানান, অতীতে অর্থের অভাবে কখনো কোনো মৌসুমে সঠিকভাবে পাট কেনা যায়নি। ফলে ভরা মৌসুমেই পাট চলে যেত ফড়িয়া, মজুদদার ও একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর হাতে, যা পরে অতিরিক্ত মূল্য দিয়ে মিলগুলোকে কিনতে হতো। এতে সব সময় অসাধু ব্যবসায়ীদের সঙ্গে অসৎ কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির ঘটনা ঘটত। যে কারণে মিলগুলোর লোকসান বেড়ে যেত। কিন্তু এবার মিলগুলো যেমন সঠিকভাবে পাট কিনতে পারছে, তেমনি কৃষকেরাও ন্যায্যমূল্য পাচ্ছেন।এ ব্যাপারে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের লিয়াজোঁ কর্মকর্তা রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে জানান, সরকার সময়মতো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করায় পাটকলগুলোতে গত তিন মাসে লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ পাট কেনা হয়েছে। লক্ষ্যমাত্রার বাকি পাটও শিগগিরই কেনা হবে। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম নির্দিষ্ট সময়ের আগেই পাট কেনা শেষ হচ্ছে, যা নজিরবিহীন।