কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
কাঁচা পাট রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। খুলনার দৌলতপুরে গতকাল শনিবার বিজেএ ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে রপ্তানিমুখী হাজার হাজার টন পাট দেশের বিভিন্ন বন্দরে অপেক্ষমাণ রয়েছে। এই পাট রপ্তানি করতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যাংকের দেনা পরিশোধ করতে পারবে না।
মানববন্ধনে বিজেএর সাবেক জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শেখ আবদুল মান্নান বলেন, সরকার হঠাৎ এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করেছে। এতে কাঁচা পাট রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। সরকারের এ নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীদের ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হবে।
বিজেএর সাবেক জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কাঁচা পাট রপ্তানিতে ব্যাংক ঋণসহ শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। ফলে এক মাস রপ্তানি বন্ধ থাকলে ব্যাংকঋণের সুদসহ বিরাট অঙ্কের খরচ তাদের আরও বেশি দেনাগ্রস্ত করে তুলবে।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিজেএর সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান। এ সময় বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৩ নভেম্বর থেকে এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তান বন্ধ ঘোষণা করে।