কাঁচা পাট রপ্তানিতে ব্যাংক ঋণে বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা পাট রপ্তানিকারকদের ব্যাংকঋণ ১০ বছরের জন্য ব্লক হিসাবে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। তাঁদের ঋণের কিস্তি দুই বছরের জন্য স্থগিত রেখে ব্যাংকের তহবিল ব্যয়ের সমান সুদ আরোপ করতে বলা হয়েছে। কাঁচা পাট রপ্তানিকারকদের সমস্যা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত পালনে গতকাল দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সিদ্ধান্তকে সরকারি ব্যাংকগুলো ভালোভাবে নিলেও বেসরকারি ব্যাংকগুলো দেখছে বাড়তি চাপ হিসেবে। তবে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। এ খাতে বেসরকারি ব্যাংকের অল্প কিছু ঋণ রয়েছে জানিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সবাইকে এসব সুযোগ দেওয়া হলে ভালো গ্রাহকেরাও ঋণ পরিশোধে আগ্রহ হারাবেন। বেসরকারি ব্যাংকগুলোর তো ১০ বছর মেয়াদি তহবিলও নেই। আমরা তো শিল্পঋণও বিতরণ করছি। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছি।’
অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কাঁচা পাট রপ্তানিকারকদের সব ঋণ ১০ বছরের জন্য ব্লক হিসাবে স্থানান্তর করতে হবে। ঋণের ঝুঁকি নিরসনে ব্যাংক গ্রাহক থেকে সুবিধামতো জামানত রাখতে পারবে। ঋণ পরিশোধে দুই বছর স্থগিত সুবিধা দিতে হবে। ঋণের সুদ হার হবে ব্যাংকের তহবিল ব্যয়। এর আগে এ ধরনের সুবিধা নিয়েছেন—এমন গ্রাহকেরাও নতুন সুবিধা পাবেন। এ সুবিধাপ্রাপ্তদের ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ দিতে পারবে ব্যাংক। যাঁদের ঋণ ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে, তাঁদেরও এ সুবিধার আওতায় আনার জন্য ব্যাংকগুলো বিবেচনা করবে। ঋণ পরিশোধ না করায় যাঁদের নামে মামলা হয়েছে, তাঁদের ঋণ ব্লক হিসাবে স্থানান্তর করে আপসের ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
জানা গেছে, বিক্রি না হওয়ায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে পড়ে আছে কোটি কোটি টাকার পণ্য। এ কারণে আটকে গেছে ব্যাংকের টাকাও। বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের খুলনা অঞ্চলের কয়েকটি ব্যাংক পড়েছে বড় বিপাকে। এ কারণে পাট ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।