কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা এ মৌসুমে অব্যাহত রাখার দাবি
কাঁচা পাট রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা বর্তমান পাট মৌসুমে প্রত্যাহার না করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএ)। সমিতি একই সঙ্গে কাঁচা পাটের ডিলার বা মজুদদারেরা যেন সর্বোচ্চ এক হাজার মণের বেশি পাট এক মাসের ওপর ধরে রাখতে না পারেন, সে জন্য আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।বিজেএর চেয়ারম্যান আহমেদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ৭ ডিসেম্বর থেকে সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ ঘোষণা করে। তবে গত ৩ জানুয়ারি এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে ৭ ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ পাট রপ্তানির জন্য ঋণপত্র খোলা হয়েছে, সেগুলো রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বিজেএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার পাটের ফলন থেকে মোট প্রাপ্তি ৪৫ লাখ বেলের বেশি হবে না। এর সবটুকু এখনো পাওয়া যায়নি। এর মধ্যে দেশীয় পাটকলগুলো এ বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ২৯ লাখ বেল ক্রয় করেছে। অন্যদিকে ইতিমধ্যে ১০ লাখ বেল রপ্তানি হয়েছে। ফলে ৩৯ লাখ বেল পাট বেচাকেনা ও ব্যবহার হয়ে গেছে। এসব পরিসংখ্যান উল্লেখ করে বিজেএ বলছে, দেশীয় পাটকলগুলোর এখন আরও ১৩ লাখ বেল কাঁচা পাট দরকার। কারণ, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ১৭৮টি পাটকল রয়েছে। এসব পাটকলে পাটপণ্য উত্পাদনের জন্য বছরে ৪২ থেকে ৪৫ লাখ বেল কাঁচা পাট প্রয়োজন হয়। আবার বছরে ১৮ থেকে ২০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়ে থাকে। অর্থাত্ বছরে বাংলাদেশে এখন ৬০ থেকে ৬৫ লাখ বেল কাঁচা পাট প্রয়োজন হয়। অন্যদিকে বর্তমান মৌসুমে ৪৫ লাখ বেল পাট উত্পাদিত হয়েছে। এর সঙ্গে গতবারের থেকে যাওয়া তিন লাখ বেল যোগ করলে দেশে মোট প্রাপ্যতা দাঁড়ায় ৪৮ লাখ বেল। বিজেএ আরও বলছে, পাটকলগুলোর বাইরে অভ্যন্তরীণ বা গৃহস্থালি পর্যায়ে বছরে তিন লাখ বেল পাট প্রয়োজন হয়। ইতিমধ্যে এ খাতে দেড় লাখ বেল ব্যবহার হয়ে গেছে। অন্যদিকে পাট রপ্তানি নিষেধাজ্ঞায় শিথিলতা আনার কারণে আড়াই লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়ে যাবে। তার মানে দেশে আরও অন্তত চার লাখ বেল কাঁচা পাট প্রয়োজন। এসব তথ্য-উপাত্ত উল্লেখ করে বিজেএ বলছে, সব মিলিয়ে চলতি মৌসুমে বাজারে কাঁচা পাটের ঘাটতি থাকছে অন্তত আট লাখ বেল। এই অবস্থায় কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখা না হলে পাটকলগুলো বড় ধরনের বিপদে পড়বে।বিজেএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগও করা হয়েছে, বর্তমানে উন্নতমানের কাঁচা পাট প্রকারভেদে মণপ্রতি দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু পাটের এই মূল্য পাটচাষিরা পাচ্ছেন না। কারণ, তাঁরা পাট বহু আগেই বিক্রয় করে দিয়েছেন। এই অবস্থায় অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটছেন।বিজেএ মনে করে, এই অবস্থা চলতে থাকলে অচিরেই পাটের অভাবে অনেক পাটকল বন্ধ হয়ে যাবে। বিজেএ আরও বলছে, কয়েক মৌসুম ধরে দেশে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় পাটের মজুদ গড়ে তুলে সিন্ডিকেটের মাধ্যমে পাটের বাজার নিয়ন্ত্রণ করছেন। প্রধানত এই কারণেই কাঁচা পাটের বাজার প্রতিবছর অস্থির হয়ে ওঠে। জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এসব বিবেচনায় কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা বর্তমান পাট মৌসুমে প্রত্যাহার না করা এবং অবৈধভাবে কাঁচা পাট মজুদ করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। মজুদদারি রোধে পাট অধিদপ্তর কর্তৃক পরিদর্শনের ব্যবস্থা করার জন্যও সুপারিশ করেছে সমিতি।