কাঁচা পাট রপ্তানির বন্ধ দুয়ার খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস পর কাঁচা পাট রপ্তানির বন্ধ দুয়ার খুলছে। সব ধরনের কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ফলে আগামী ৩ এপ্রিল থেকে আবার কাঁচা পাট রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা।
মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে গত বছরের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরের মাসেই নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়ে দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে চলতি মাসের ৫ জানুয়ারি নিষেধাজ্ঞা জারির আগে ইস্যু করা ৪১টি প্রতিষ্ঠানের ২৫১টি ঋণপত্রের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রপ্তানিতে অনুমোদন দেওয়া হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছরে ১১ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের কাঁচা পাট রপ্তানি হয়। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রপ্তানি হয়েছে ৯ কোটি ১৩ লাখ ডলারের কাঁচা পাট।