কাঁচা মরিচ, বেগুন, ধনেপাতা শসা ও রসুন রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচা মরিচ
কাঁচা মরিচ

রমজান মাসে কাঁচা মরিচ, বেগুন, শসা, ধনেপাতা ও রসুনের দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্য রপ্তানি বন্ধ থাকবে। কাঁচা মরিচসহ পাঁচ পণ্যের এই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রমজান মাস পর্যন্ত বহাল থাকবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বৈঠকে রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ রোববার থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত এই পাঁচ পণ্য রপ্তানি বন্ধ থাকবে।
এফসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রমজানের আগে নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেয়। সেজন্য রপ্তানি বন্ধ করতে মন্ত্রণালয়ের কাছে ফেডারেশন সুপারিশ করে। গত বছর একই রকম সিদ্ধান্ত নেওয়ায় এসব পণ্যের দাম স্থিতিশীল ছিল।
হেলাল উদ্দিন আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই রাজধানীতে কাঁচা মরিচের দাম ইতিমধ্যে ৮০ থেকে ১০০ টাকা কেজি হয়ে গেছে। আশা করি, রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আজ থেকে দাম কমে আসবে।’
এদিকে এফসিসিআই গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট রপ্তানিকারকদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম তিন গুণ বেড়েছে: প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কাঁচা মরিচের দাম প্রায় তিন গুণ বেড়ে গেছে।
বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার পর্যন্ত প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হয়। তবে বৃহস্পতিবার সকালে দাম বেড়ে ৭০-৭৫ হয়ে যায়। ওই দিন বিকেলেই আরেক দফা দাম বেড়ে ৯০-১০০ টাকা হয়ে যায়। তবে গতকাল শনিবার কাঁচা মরিচের কেজি ১২০-১৪০ টাকায় বিক্রি হয়।
পাইকারি বিক্রেতা কুরবান সরদার দাবি করেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে অনেক মরিচখেত পানিতে তলিয়ে গেছে। এ জন্য কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ ছাড়া সামনে রমজান মাস। সব মিলিয়েই দাম বেড়েছে।’
অবশ্য কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘এখন স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। তবে আমার জানা মতে, রাজবাড়ীর কোথাও মরিচখেত বৃষ্টির পানিতে তলিয়ে যায়নি।’

ধনেপাতা
ধনেপাতা