কাঁচাপাট রপ্তানি হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার
সব ধরনের কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ফলে পাঁচ মাস পর আগামী ৩ এপ্রিল থেকে আবার কাঁচাপাট রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। আজ সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে গত বছরের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরের মাসেই নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়ে দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে চলতি বছরের ৫ জানুয়ারি নিষেধাজ্ঞা জারির আগে ইস্যু করা ৪১টি প্রতিষ্ঠানের ২৫১টি ঋণপত্রের বিপরীতে দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রপ্তানিতে অনুমোদন দেওয়া হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছরে ১১ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের কাঁচাপাট রপ্তানি হয়। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রপ্তানি হয়েছে নয় কোটি ১৩ লাখ ডলার।