কাঁচা পাট রপ্তানির অনুমোদন পেল ৪১টি প্রতিষ্ঠান
৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রপ্তানির অনুমোদন দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়টি।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের বাস্তবায়নের জন্য গত বছরের ৩ নভেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় মন্ত্রণালয়। অবশ্য পরে ১৫ ডিসেম্বর নির্দেশনাটি কিছুটা শিথিল করে বলে, কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে রপ্তানি করা যাবে। তার মানে স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০-১২ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচাপাট রপ্তানিযোগ্য।
যে প্রতিষ্ঠানগুলো এখন কাঁচা পাট রপ্তানির অনুমোদন পেল সেগুলো গত বছরের ৩ নভেম্বরের আগেই ঋণপত্র খুলেছিল। ২৫১টি ঋণপত্রের বিপরীতেই ২ লাখ ৭৭ হাজার বেল বা ৫ কোটি ৪ লাখ ৮৩ হাজার ২৫০ কেজি কাঁচা পাট রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
রপ্তানি হওয়া এসব কাঁচা পাটের অধিকাংশেরই গন্তব্য ভারত। এ ছাড়া কাঁচা পাট যাবে পাকিস্তান, জাপান, চীন, নেপাল, ভিয়েতনাম, জার্মানি, থাইল্যান্ড, কোরিয়া, ব্রাজিল, এল সালভাডর, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সুইজারল্যান্ডে। সব মিলিয়ে রপ্তানির জন্য অনুমতি পাওয়া ৪১ প্রতিষ্ঠানের ২৫১টি ঋণপত্রের মধ্যে ভারতের ১০৮টি, পাকিস্তানের ৪৭ ও অন্য দেশের ৯৬টি।