কাঁচাবাজারে এখন যেসব সবজি বিক্রি হচ্ছে তার বেশির ভাগই শুক্রবার দিবাগত রাতে আসা। সে কারণে বাজারে তাজা সবজির পরিমাণ খুবই কম। তবে শনি ও রোববার রাতে হাতেগোনা কয়েকটি ট্রাক আসায় এর মধ্যেও কিছু তাজা সবজি দেখা যাচ্ছে।আড়ত-মালিকেরা বলছেন, রাজধানীর কাঁচাবাজারগুলোতে যেসব সবজি বিক্রি হয় তার বড় অংশই আসে বগুড়া, দিনাজপুর, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, পাবনা, রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং খুলনা অঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর ও যশোর থেকে। হরতাল চলাকালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটায় সেসব স্থান থেকে সবজিবাহী ট্রাক আসা প্রায় বন্ধ হয়ে গেছে।তবে কুমিল্লা, নরসিংদী এবং ময়মনসিংহের মতো কয়েকটি স্থান থেকে ঢাকায় কিছু সবজিবাহী ট্রাক রোববার দিবাগত রাতে এসেছে। সে কারণেই বাজারে কিছু তাজা সবজিও দেখা গেছে। তবে ক্রেতার চাহিদা না থাকায় সবজির দাম তেমন বাড়েনি।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজারে এমনিতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক এলেও রোববার রাতে এসেছে বড়জোর ৪০ থেকে ৫০টি। মোশাররফ হোসেনের দাবি, সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থান থেকে ট্রাক ভাড়া দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।কারওয়ান বাজারে গতকাল এক কেজি শিম ৩৫ টাকা, গাজর ১২ থেকে ১৫ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, আলু ১৬ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে ফুলকপি ও বাঁধাকপির দাম বেড়েছে প্রতিটিতে পাঁচ টাকা। ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে আট টাকায়।কারওয়ান বাজারের একজন আড়তদার বলেন, রোববার রাতে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে টমেটোবাহী ট্রাক এসেছে। চালক তাঁকে জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন। মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান পুলিশের সহায়তায় পার হয়েছেন। এ জন্য পুলিশের একটি দলকে এক হাজার টাকা ‘চা খাওয়ার’ জন্যও দিতে হয়েছে তাঁকে।শ্যামবাজারের সবজির বড় আড়তদার মিতালী বাণিজ্যালয়ের স্বত্বাধিকারি শ্যামল সাহা বলেন, রোববার এ বাজারে সবজিবাহী ট্রাক এসেছে কম। সে কারণে বাজারে সবজির পরিমাণও কম।বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রথম আলোকে বলেন, ঝুঁকি নিয়ে কেউই গাড়ি বের করতে চাচ্ছে না। আগে এ রকম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সবজি ও পণ্যবাহী ট্রাক পার করে দেওয়া হতো। সরকারকে এ বিষয়ে এখন চিন্তা করতে হবে। হরতালের সময় ট্রাক-মালিকদের বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।