
ঢেউটিন ও আসবাব তৈরির মধ্যবর্তী কাঁচামাল আমদানিতে অনিয়ম রোধ করা যাচ্ছে না। মূলত বাণিজ্যিক খাতে মিথ্যা ঘোষণা দিয়ে এসব মধ্যবর্তী কাঁচামাল বা প্রায় প্রস্তুত পণ্য আমদানি হচ্ছে। এর ফলে দেশে ঢেউটিনশিল্পের বড় উদ্যোক্তারা বিপাকে পড়েছেন।
শুল্ক কর্মকর্তাদের তদারকিতেও বাণিজ্যিক খাতে আমদানিতে অনিয়ম শনাক্ত হয়েছে। গত ১১ মাসে এ খাতে মোট ২২০টি চালানে অনিয়ম ধরা পড়েছে। এতে জরিমানাসহ রাজস্ব আদায় হয়েছে প্রায় ২২ কোটি টাকা। শুল্ক বিভাগ নজরদারি বাড়ালেও এ খাতে অনিয়মের হার কমছে না।
জানা গেছে, শিল্পকারখানার উদ্যোক্তারা ঢেউটিনসহ ইস্পাতের আসবাব তৈরির জন্য প্রাথমিক কাঁচামাল ‘হট রোল (এইচআর) কয়েল’ আমদানি করেন। এসব পাত কারখানায় প্রক্রিয়াজাত করে পুরুত্ব দশমিক ১ থেকে দশমিক ৫ মিলিমিটারে আনা হয়। এই ধাপে তৈরি পণ্য কোল্ড রোল (সিআর) কয়েল হিসেবে পরিচিত। এই পণ্য গ্যালভানাইজ করে দস্তার প্রলেপ ও রং লাগিয়ে জিংক কোটেড শিট বা জিপি শিট তৈরি করা হয়। যন্ত্রের মাধ্যমে এই জিপি শিটে ঢেউ তৈরি করে ঢেউটিন বানিয়ে বা পাত আকারে বাজারজাত করা হয়।
বাণিজ্যিক আমদানিকারকেরা সিআর কয়েল বা সরাসরি জিপি শিট আমদানি করেন। আবার বিভিন্ন দেশে কারখানায় উৎপাদিত পণ্যে দস্তার প্রলেপ বা রং দেওয়ার পর মান ঠিক না হলে তা বাতিল হিসেবে বিক্রি হয়। বাণিজ্যিক খাতে এসব পণ্য আমদানি হয়। এসব পণ্য থেকে সনাতন পদ্ধতিতে ঢেউটিন বা আসবাবসহ নানা পণ্য তৈরি হয়।
শিল্পোদ্যোক্তাদের দাবি, স্থানীয়ভাবে উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে যে খরচ পড়ে, বাণিজ্যিক আমদানিকারকদের অনিয়মের কারণে প্রায় প্রস্তুত পণ্যেও খরচ একই পড়ে। এ কারণে বড় আকারের বিনিয়োগে স্থাপন করা দেশীয় শিল্পকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্যিক আমদানিকারকেরা অপঘোষণার মাধ্যমে পণ্য আমদানি করায় দেশীয় বড় শিল্পকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ এ খাতে নজরদারি বাড়ানো হলে দেশীয় শিল্পের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন তিনি।
অনিয়ম যেভাবে: ঢাকার বাবুল স্টিল হাউস ১৯৯ টন ‘হট রোলড শিট’ আমদানির ঘোষণা দেয়। তবে শুল্ক কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন, পণ্য আমদানি হয় সিআর কয়েল। এতে আমদানিকারক ২১ লাখ ৮৬ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। এই শুল্কসহ কাস্টমস কর্তৃপক্ষ ২৯ লাখ টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি থেকে।
ঢাকার রাহাত এন্টারপ্রাইজের একটি চালানে ১৫০ মেট্রিক টন ঘোষণাবিহীন পণ্য পাওয়া যায়। ‘হট রোলড’ পণ্য আমদানির ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি আমদানি করে সিআর কয়েল। এই অনিয়মের কারণে বাড়তি শুল্ক ও জরিমানাসহ প্রতিষ্ঠানটি থেকে সাড়ে ২৬ লাখ টাকা আদায় করছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের নথি পর্যালোচনায় দেখা গেছে, এ বছরের ১১ মাসের মধ্যে গত তিন মাসে ৫৭টি চালানে ঘোষণাবহির্ভূত পণ্য আনা হয়েছে চার হাজার ৭৬৩ টন পণ্য। মূল্য, ওজন ও পণ্যের পরিচিতি—এই তিন ক্ষেত্রেই অপঘোষণার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক বলেন, ‘এ খাতে শুল্ক ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি থাকায় নজরদারিও বেশি আছে। এ কারণে কেউ অনিয়ম করে ছাড় পাচ্ছে না। প্রতিটি চালান ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড় দেওয়া হচ্ছে।’
শুল্ক কর্মকর্তারা জানান, এইচআর কয়েলে ৫ শতাংশ, সিআর কয়েলে ১০ শতাংশ এবং জিপি শিটে ২৫ শতাংশ শুল্ক রয়েছে। পণ্যভেদে
মোট শুল্ক-করের হার প্রায় ৩৭ থেকে ৬১ শতাংশ। শুল্ক-করের এই পার্থক্যের সুযোগ নিতে আমদানিকারকেরা জিপি শিট আমদানি করে সিআর কয়েল হিসেবে ঘোষণা দেন। অথবা সিআর কয়েল আমদানি করে এইচআর কয়েল হিসেবে ঘোষণা দেন।
জানতে চাইলে বাণিজ্যিক খাতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন আয়রন মার্চেন্ট সমিতির যুগ্ম সম্পাদক নূর আলী প্রথম আলোকে বলেন, কিছু প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তবে গুটি কয়েকের জন্য ঢালাওভাবে বাণিজ্যিক খাতে আমদানিকারকদের পণ্যের শুল্কায়িত মূল্য বাড়িয়ে দেওয়া ঠিক নয়। এমনিতেই বাণিজ্যিক খাতে অন্তত ১৫০ প্রকারের পণ্য তৈরির ছোট প্রতিষ্ঠানগুলো হুমকিতে রয়েছে।
ব্যবসায়ীরা জানান, স্টিলের পাত থেকে তৈরি হয় মূলত ঢেউটিন। এ ছাড়া কোদাল, বেলচাসহ কৃষি-উপকরণ তৈরি, আলমারিসহ আসবাব তৈরি, গাড়ির কাঠামো, ইস্পাত কাঠামোর ভবনের নির্মাণকাজে এবং বিদ্যুৎ প্লান্ট, শিল্পকারখানার নির্মাণকাজেও স্টিলের ব্যবহার বাড়ছে।