কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় জরুরি
পাদুকাশিল্পের সম্ভাবনা ব্যাপক। সরকার যদি সুদৃষ্টি দেয়, তাহলে পোশাকের মতো পাদুকাশিল্পও হতে পারে এক সম্ভাবনাময় খাত। কিন্তু পাদুকাশিল্পের উন্নয়নে কোনো পরিকল্পনা নেই। এ খাতের দায়িত্ব কেউ নিতে চায় না।
ভৈরবের পাদুকাশিল্পের সবচেয়ে বড় সমস্যা হলো অস্বাভাবিক শুল্ক-কর। পাদুকা তৈরিতে ১৩৫ ধরনের উপকরণের প্রয়োজন হয়। একটি উপকরণও বাংলাদেশে পাওয়া যায় না। সব উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়। কাঁচামাল আমদানিতে সরকারকে ৮৩ থেকে ১০৫ শতাংশ পর্যন্ত শুল্ক-কর দিতে হয়। পাদুকা তৈরিতে যে রেক্সিনের (একজাতীয় কৃত্রিম চামড়া) প্রয়োজন হয়, সেটি আমদানিতে শুল্ক-কর ৯৩ শতাংশ। মানভেদে এ শুল্ক-কর ১০৫ শতাংশ পর্যন্ত।
পাদুকা তৈরিতে আপার ও সোল আমদানিতেও ১০০ শতাংশের মতো শুল্ক দিতে হয়। এ পরিমাণ শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানি করে পাদুকা উৎপাদন পর্যন্ত যে টাকা খরচ হয়, বিদেশ থেকে আমদানি করা পাদুকার খরচ তার চেয়ে অনেক কম। এ কারণে ভারত ও চীন থেকে আমদানি করা পাদুকার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না দেশের উদ্যোক্তারা। সরকার যদি কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমিয়ে দেয়, তাহলে দেশের তৈরি পাদুকার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এ শিল্প বিকাশের পথে আরেক বাধা প্রশিক্ষিত জনবলের অভাব। যে যার মতো করে কারখানা করছে, পাদুকা উৎপাদন করছে। এখানে মালিক-শ্রমিক কেউ ঐক্যবদ্ধ নন। এ খাতে শক্তিশালী সংগঠনও নেই। ভৈরব পাদুকাশিল্পে এখন যে ধরনের পাদুকা তৈরি হয়, তিন বছর আগে তা চিন্তা করা ছিল কঠিন। এ পরিবর্তনটা চোখে পড়ার মতো। চার বছর আগেও পাদুকায় আঠা লাগানো হতো। তারপর তা শুকানো হতো। না শুকাতে আবার সেলাই। তারপর স্যান্ডেল তৈরি হয়। এখন সে যুগ নেই। যন্ত্রচালিত কারখানায় পাদুকা তৈরিতে আঠা লাগে না। শুকাতেও হয় না।
ভৈরবের পাদুকাশিল্পে আট হাজার কারখানা আছে। বাটা, অ্যাপেক্স ও ওরিয়নের পাদুকাও তৈরি হয় এখানে। অথচ পাদুকাশিল্পের সঙ্গে কেউ নেই। অন্য দেশে পাদুকাশিল্পের জন্য ইনস্টিটিউট আছে। সেখানে পাদুকাশিল্পের নানা কিছু শেখানো হয়। সরকার সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে পাদুকা ব্যবসায়ীদের সঙ্গে কেউ নেই। তাই এ খাত ওপরে উঠতে পারছে না।
মুশতাক আহমেদ ঢালী
ফুটওয়্যার অ্যান্ড ফ্যাশন ডিজাইনার