কাঁচামালের আমদানি শুল্ক কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দেশীয় ইলেকট্রিক শিল্পের স্বার্থে কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস ও আমদানিকৃত বিভিন্ন ইলেকট্রিক পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ)। গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এসব বিষয়ে বিস্তারিত বলেন।মোশাররফ হোসেন বলেন, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির মৌলিক কাঁচামাল ইউরিয়া রেজিনস আমদানিতে বর্তমানে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এ কারণে উৎপাদন-খরচ বেড়ে গিয়ে বিদেশি পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় ইলেকট্রিক পণ্য। এ ছাড়া তৈরি পণ্য ও কাঁচামাল—উভয় ক্ষেত্রে একই শুল্কহার থাকায় দেশীয় উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন মন্তব্য করে সমিতির সভাপতি ইউরিয়া রেজিনসের আমদানিশুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানান।মোশাররফ হোসেন আরও বলেন, বর্তমানে শুল্ক ফাঁকি দিয়ে প্রচুর পরিমাণে প্লাগ, সুইচ ও সকেট আমদানি করা হয়। অথচ এসব পণ্যের চাহিদার প্রায় পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান জোগান দিতে সম্ভব। ইলেকট্রিক খাতের দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে আমদানি করা বৈদ্যুতিক পণ্যের ওপর ২০ শতাংশের পরিবর্তে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি জানান বিইএমএমএর সভাপতি।মোশাররফ হোসেন বলেন, চীন, থাইল্যান্ড, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে বর্তমানে নিম্নমানের লাইট ফিটিংস আমদানি হয়। এ জন্য এসব পণ্য প্রস্তুতকারক দেশীয় ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। দেশীয় এসব শিল্প রক্ষার স্বার্থে বৈদ্যুতিক লাইট ফিটিংস আমদানিতে ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি জানান তিনি।বিইএমএমএর সভাপতি আরও বলেন, বর্তমানে বৈদ্যুতিক সিলিং ফ্যান ও যন্ত্রাংশ—উভয় পণ্য আমদানি করতে ২৫ শতাংশ শুল্ক নির্ধারিত আছে। কিন্তু দেশেই এখন উন্নত মানের ফ্যান তৈরি হচ্ছে। তাই ফ্যান আমদানির সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে দেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে তিনি অনুমোদিত ফ্যান প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে যন্ত্রাংশ আমদানির সুযোগ দেওয়ার দাবি করেন।মোশাররফ হোসেনের মতে, সরকার বিদ্যুৎ খাত সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়েছে। সে সঙ্গে ইলেকট্রিক পণ্য খাতকে প্রয়োজনীয় নীতি-সহায়তা দেওয়া প্রয়োজন। তবেই দেশের চাহিদা দেশীয় প্রতিষ্ঠানই মেটাতে পারবে।