কাঁচামালের উৎসবিধির শর্ত শিথিল হলে রপ্তানি বাড়বে
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) রপ্তানি পণ্যের রুলস অব অরিজিন বা কাঁচামালের উৎস বিধিবিষয়ক শর্ত কিছুটা শিথিল করায় বাংলাদেশের রপ্তানি আগের চেয়ে বেড়েছে। এসব শর্ত যদি আরও শিথিল করা যায় রপ্তানি আরও বাড়বে।
পাশাপাশি এ-ও মনে রাখতে হবে যে উৎস বিধি শর্ত শিথিল হলে দেশে পশ্চাৎমুখী সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডব্লিউটিওতে এ সংক্রান্ত আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
‘স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য অগ্রাধিকারমূলক রুলস অব অরিজিন বিষয়ে বালি সম্মেলনের সিদ্ধান্ত’বিষয়ক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর মতিঝিলে গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) তার কার্যালয়ে এ সভার আয়োজন করে।
প্রসঙ্গত রুলস অব অরিজিন হচ্ছে শুল্কমুক্ত বা যেকোনো অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় রপ্তানি পণ্যের কাঁচামালের উৎস সম্পর্কে বিভিন্ন শর্ত বা বিধি।
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বাণিজ্যসচিব বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে বেশ জোরেশোরেই এগিয়ে যাচ্ছি। এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা অনেক সুবিধা পাব না। সে কারণে তখন কী করতে হবে তার কৌশল এখনই ঠিক করতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর ডব্লিউটিওর বালি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, এলডিসি দেশগুলো কোনো পণ্যের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত বিদেশি কাঁচামাল ব্যবহার করতে পারবে। তবে এটি গাইডলাইন। সদস্য দেশগুলো এটি মানতে বাধ্য নয়। বর্তমানে ইইউ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদেশি কাঁচামাল ব্যবহার করলে তাতে শুল্কমুক্ত সুবিধা দেয়।
আবিদ আরও বলেন, রুলস অব অরিজিন এবং শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা রপ্তানিকে বেশ প্রভাবিত করে। ইইউতে বাংলাদেশের রপ্তনি বেড়েছে। এই কারণে কানাডায় বেশি লাভবান হয়েছে বাংলাদেশ আর কম্বোডিয়া।
মূল প্রবন্ধে বলা হয়, কাঁচামালের উৎস বিধি শর্ত শিথিল করার আগে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কম্বোডিয়ার রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ, শিথিল করার পর তা দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। লাওসের প্রবৃদ্ধি ৪ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ, জাম্বিয়ার প্রবৃদ্ধি ৭ শতাংশ থেকে ২৯ শতাংশ হয়েছে। আর বাংলাদেশের প্রবৃদ্ধি ১০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী রপ্তানি প্রবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা কি এতেই খুশি। যদি না হই তাহলে শর্ত নিয়ে আমরা কতটুকু এগোব সেই সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি বলেন, ডব্লিউটিওর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে এলডিসির জন্য আলাদাভাবে এই বিধি নির্ধারণ করতে হয়। কিন্তু জাপান আর নিউজিল্যান্ড এটি করেনি।
অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় বলেন, ২০১০ সালে ইইউ পোশাক খাতের জন্য এক স্তরের উৎসবিধি নির্ধারণ করেছে। এটা পোশাক খাতকে লাভবান করেছে। কিন্তু এর ফলে পশ্চাদমুখী সংযোগ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশ জাপানে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়। কিন্তু সে দেশে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আরও বেশি সুবিধা পাওয়া যায়। ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই তাদের দ্বিপক্ষীয় চুক্তি আছে। তারা বাংলাদেশের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। এতে দেশের রপ্তানির অংশ কমছে। তাই জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি করা যেতে পারে।