এক মাসে ৬০ গ্রেড রডের দাম ১৮% ও ৪০ গ্রেডের দাম ১১% বেড়েছে
কাঁচামালের মূল্যবৃদ্ধির অজুহাতে বাড়ল রডের দাম
সব ধরনের রডের দাম বেড়ে গেছে। গত এক মাসে এই নির্মাণ উপকরণটির দাম টনপ্রতি পাঁচ-ছয় হাজার টাকা করে বেড়ে ৫২ হাজার টাকায় উঠেছে। দেশীয় উৎপাদকদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে রড তৈরির প্রধান দুটি উপকরণ বিলেট ও স্ক্র্যাপের দাম বেড়ে যাওয়ায় দেশে উৎপাদিত রডের দামও বেড়েছে।
ঢাকার মিরপুর, আগারগাঁও, ইংলিশ রোডের কয়েকটি খুচরা রডের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ৬০ গ্রেডের প্রতি টন রডের দাম এখন ৫১ থেকে ৫২ হাজার টাকা। এক মাস আগেও এই দাম ছিল ৪৫ থেকে ৪৬ হাজার টাকা। আর ৪০ গ্রেডের প্রতি টন রডের দাম এখন ৪২ থেকে ৪৩ হাজার টাকা, যা এক মাস আগে ছিল টন প্রতি ৩৮ হাজার টাকা। চাপ সহ্য করার ক্ষমতাভেদে রডকে ৬০ ও ৪০—এই দুই গ্রেডে ভাগ করা হয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, এক মাসের ব্যবধানে ৬০ গ্রেডের রডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ৪০ গ্রেডের রডের দাম প্রায় ১১ শতাংশ করে বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, দেশে বছরে ৪০-৪৫ লাখ টন রডের চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশীয় মিলগুলোর বার্ষিক রড উৎপাদনের ক্ষমতা প্রায় ৭৫ লাখ টন। রড তৈরির প্রধান কাঁচামাল বিলেটের সিংহভাগ আগে চীন থেকে আমদানি করা হতো। তবে সম্প্রতি ভারত থেকে বিলেটের আমদানি শুরু হয়েছে। অন্যদিকে ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে পুরোনো জাহাজ, যন্ত্রপাতি, গাড়িসহ লোহা দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ আমদানি করে পরবর্তী সময়ে তা রড তৈরিতে ব্যবহার করা হয়। মূলত স্ক্র্যাপ পণ্য হিসেবেই এগুলোর আমদানি হয়ে থাকে।
বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ছোট-বড় মিলিয়ে ৩০০টি মিল রড উৎপাদনের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৪০টির মতো মিল পুরোপুরি প্রযুক্তিনির্ভর, অর্ধশত মিল আধা প্রযুক্তিনির্ভর এবং বাকি মিলগুলো সনাতন পদ্ধতিতে রড উৎপাদন করে থাকে।
রডের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেন, আন্তর্জাতিক বাজারে এক মাস আগেও প্রতি টন বিলেটের দাম ছিল ২৫০ ডলার, যা এখন বেড়ে ৩৫০ ডলার ছাড়িয়ে গেছে। এ ছাড়া প্রতি টন স্ক্যাপের দাম ১৭৫ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭০ ডলারে। তিনি আরও বলেন, ‘যে হারে কাঁচামালের দাম বেড়েছে, সেই হারে দেশে রডের দাম বাড়েনি। তাই বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে রডের দাম আরও বাড়তে পারে।’
এদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বিশ্ববাজারে ইস্পাত পণ্যের দাম বেড়ে যাওয়ার এই প্রবণতা স্থায়ী হবে না।
ভারতের আর্থিক খাতভিত্তিক ওয়েব পোর্টাল মানি কন্ট্রোলে গত ৩০ মার্চ প্রকাশিত এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যাটসের ধাতুবিষয়ক বাজার বিশেষজ্ঞ আন্নালিসা জেফরিস এবং ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসির প্রধান অর্থনীতিবিদ পল ব্লক্সহামের জানান যে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টি চীনে অবকাঠামো নির্মাণের মৌসুম। এ কারণে ওই সময়টাতে দেশটি থেকে ইস্পাত পণ্য রপ্তানি কমেছে। চীনের নির্মাণ মৌসুম শেষ হলে বিশ্ববাজারে রডের দাম আবার কমতে পারে।
এদিকে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসাদুল আলম প্রথম আলোকে বলেন, ‘দাম বেড়ে যাওয়ায় আমাদের বিক্রি কমেছে। তা সত্ত্বেও সরকার আবার রড উৎপাদনের একটি রাসায়নিকের ওপর বাড়তি কর বসিয়েছে। আগামী বাজেটে মূল্য সংযোজন করের (ভ্যাট) পরিমাণও বাড়বে। এতে রডের দাম আরও বেড়ে যেতে পারে।’