কাঁচামালের শুল্ক কমাতে শিল্প মন্ত্রণালয়ের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে দেশীয় শিল্পের জন্য কাঁচামাল আমদানিতে শুল্ক সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, বাজেটে এর প্রতিফলন ঘটবে।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নবনিযুক্ত নির্বাহী কমিটির সদস্যরা আজ বুধবার শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে এলে মন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকার দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সম্ভব সব ধরনের নীতি-সহায়তা দেবে। তিনি আমদানি বিকল্প দেশীয় শিল্পে কর অবকাশ পেতে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার জন্য এফআইসিসিআই নেতাদের পরামর্শ দেন। প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য রিয়াজ ইসলাম ও নয়ন মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআইসিসিআইয়ের নেতারা বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে দেশের শিল্প খাতে ইতিমধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে। তাঁরা টেকসই দেশীয় শিল্প খাত গড়ে তুলতে শুল্ক ও কর সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আমদানি বিকল্প দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান তাঁরা।