কাঁচামালের শুল্ক ছাড়ে এনবিআরকে সুপারিশ পাঠাবে শিল্প মন্ত্রণালয়
আমদানি-বিকল্প পণ্যের কাঁচামালে শুল্ক ছাড়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ পাঠাবে শিল্প মন্ত্রণালয়। গত বছরও মন্ত্রণালয় এমন সুপারিশ করেছিল।বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। গতকাল রোববার শিল্পমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসাদুল আলম, সাধারণ সম্পাদক আবুল কাসেম মজুমদার, সহসভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।শিল্প মন্ত্রণালয় ও ইস্পাত কারখানা মালিক সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৈঠকে কারখানার মালিকেরা বলেন, ডলার ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের সুদের সর্বোচ্চসীমা তুলে দেওয়াসহ বেশ কিছু কারণে দেশীয় স্টিল শিল্পকারখানাগুলো ক্ষতির শিকার হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী ট্রাক ও ট্রেলারের রড ও মেল্টিং স্ক্র্যাপের নির্ধারিত ওজনপদ্ধতি চালুর ফলে পণ্যের পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। ফলে রডের দাম আগের চেয়ে ১০ হাজার টাকা বেড়ে গেছে।কারখানার মালিকেরা বলেন, দেশে বছরে ৪০ লাখ টন লোহা উৎপাদন হচ্ছে। দেশের চাহিদা মেটানোর পরও অতিরিক্ত ১০ লাখ টন লোহা রপ্তানি করা সম্ভব। অশুল্ক বাধার কারণে ভারতে রড রপ্তানি করা সম্ভব হচ্ছে না।