দেশের বাজারে বর্তমানে ৬০ গ্রেডের প্রতি টন রড বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ হাজার টাকায়। ব্র্যান্ডের রড এই দামে পাওয়া গেলেও ননব্র্যান্ডের রডের দাম প্রতি টন ৫৪ থেকে ৫৫ হাজার টাকা। তবে নির্মাণ খাতের প্রয়োজনীয় এ পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান ইস্পাত খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিনটি সংগঠনের নেতারা। সংগঠন তিনটি হলো বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন।
কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, রড তৈরির মধ্যবর্তী কাঁচামাল হচ্ছে বিলেট। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিলেট তৈরির দুটি কাঁচামাল শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে একটির ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে। এ ছাড়া পণ্যের ট্যারিফ মূল্যও বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বিলেট তৈরির কাঁচামাল স্পঞ্জ আয়রন ও রিডিউসড আয়রন আমদানি শুল্কমুক্ত করা হয়েছে। তবে ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ (ভাঙ্গারি) নামের প্রয়োজনীয় অপর একটি কাঁচামালের আমদানি শুল্ক টন প্রতি ৫০০ টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। আবার এই কাঁচামাল আমদানিতে প্রতি টনে ৮০০ টাকা অগ্রিম আয়কর বা এআইটি দিতে হয়।
সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে সংগঠনের নেতারা ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপের আমদানি শুল্ক এক হাজার টাকা কমানো এবং এ ক্ষেত্রে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি পণ্যের ট্যারিফ মূল্য হ্রাসসহ কয়েকটি দাবি তুলে ধরেন তাঁরা। অন্যথায় রডের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, মহাসচিব আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল ও বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।