কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তি সই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তিতে আজ মঙ্গলবার সই করবে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সদর দপ্তরে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ চুক্তিতে সই করবেন।

ইউএনএসকাপের ৭২তম অধিবেশনে চুক্তিটির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর ৭ আগস্ট তা অনুমোদন করে বাংলাদেশের মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় আজ ইউএনএসকাপে এ চুক্তি সই হবে। তোফায়েল আহমেদ এ জন্য গতকাল সোমবার থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, ডিজিটাল অর্থনীতির কার্যকর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিবিষয়ক উচ্চপর্যায়ের এক সংলাপে বক্তব্য দেবেন বাণিজ্যমন্ত্রী।

এরপর শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করাসহ উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মতবিনিময় করতে বৃহস্পতিবার তোফায়েল আহমেদ শ্রীলঙ্কা যাবেন। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় ‘ভারত মহাসাগরীয় দেশগুলোর দ্বিতীয় সম্মেলন ২০১৭’-এ যোগ দেবেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার তিনি সেখানে বক্তব্য দেবেন। এতে ২৯ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি’। ঈদের আগের দিন শুক্রবার বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন। বিজ্ঞপ্তি