কাগজহীন রাজস্ব বোর্ড চান অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পেপারলেস বা কাগজহীন কার্যক্রম চালু করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে সরকারি সংস্থাটির দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি জনগণেরও ভোগান্তি কমবে বলে তিনি মনে করেন। কাগজহীন কার্যক্রম চালু হলে এনবিআরের সব তথ্য-উপাত্ত দাখিল, সংরক্ষণ ও বিতরণ করা হবে অনলাইনের মাধ্যমে। এর ফলে করদাতা ও করগ্রহীতার মধ্যকার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে।এনবিআরের সমন্বিত রাজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহারবিষয়ক দুই দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ)। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এই অধিবেশনে তথ্যপ্রযুক্তির (আইটি) ব্যবহারসংক্রান্ত দুটি উপস্থাপনা তুলে ধরেন যথাক্রমে কর পরিদর্শন দপ্তরের মহাপরিচালক কানন কুমার রায় ও সফটওয়্যার বিশেষজ্ঞ ওয়েট গ্রান্ট।অর্থমন্ত্রী বলেন, এনবিআর এখন কাগজহীন কার্যক্রমের কথা ভাবতে পারে। তবে এটা বাস্তবায়ন করা কঠিন কাজ। তিনি বলেন, ইতিমধ্যে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠানগুলো পেপারলেস কার্যক্রম শুরু করেছে। এখন এসব সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে এনবিআরের নিবিড়ভাবে সম্পৃক্ত থাকা উচিত।জনাব মুহিত জানান, এনবিআর শুধু ডিজিটাইজ হচ্ছে না, পুরো রাজস্ব খাতেই সংস্কার হচ্ছে। কাস্টম, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের পাশাপাশি লোকবল বাড়ানো হচ্ছে। এসব খাতের কার্যক্রমের পরিধি সম্প্রসারিত করা হচ্ছে। এনবিআর বর্তমানে স্বয়ংক্রিয় ব্যবস্থায় কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দেওয়ার কার্যক্রম পরিচালনা করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় করদাতাদের বার্ষিক আয়কর বিবরণীর ই-ফাইলিং ব্যবস্থাও চালু করা হয়েছে।