কাগুজে দরপত্র আর থাকছে না
সরকারি কেনাকাটায় কাগুজে দরপত্র আর থাকছে না। বদলে আসছে অনলাইনে আবেদন করার পদ্ধতি। এমনকি সেই আবেদন যাচাইও করা হবে অনলাইনে। যেকোনো পরিমাণ টাকার সরকারি পণ্য বা সেবা কেনাকাটার আবেদনই করা যাবে এ পদ্ধতিতে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বলছে, এতে দরপত্রে অংশগ্রহণ নিয়ে মারামারি, জালিয়াতিসহ সব ধরনের জটিলতা বন্ধ হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি কমবে, সরকারি ক্রয় কার্যক্রমের কেন্দ্রীয় তথ্যভান্ডার হবে, দরপত্রে অধিকসংখ্যক দরদাতার অংশগ্রহণ নিশ্চিত হবে।
গোটা বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সিপিটিইউ। সরকারি ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় এ ব্যাপারে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি সব কেনাকাটাকেই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একটি চিঠি দেন। এতে বলা হয়, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যে বড় ধরনের কেনাকাটার প্রস্তাব তোলা হয়, সেগুলোর দরপত্রে অংশ নিতেও আবেদন করতে হবে অনলাইনে। অর্থাৎ সরকারি সব কেনাকাটাকেই নিয়ে আসতে হবে ই-জিপির আওতায়।
সব সরকারি কেনাকাটা ই-জিপির আওতায় আনতে ২০১৯ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানা গেছে। যোগাযোগ করলে অবশ্য আইএমইডি সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রথম আলোকে জানান, ‘ই-জিপির জন্য বৃহৎ ক্ষমতাসম্পন্ন তথ্যভান্ডার (ডেটা সেন্টার) স্থাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সফল হলে ২০১৬ সালের মধ্যেই তা চালু করা সম্ভব।’
সিপিটিইউ সূত্রে জানা গেছে, ঠিকাদারেরা এখনও অনলাইনে দরপত্রে অংশ নিতে পারেন। তবে তা সীমিত আকারে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও পল্লি বিদ্যুতায়ন বোর্ডে ই-জিপি চালু রয়েছে। দেশের মোট সরকারি কেনাকাটার বড় অংশ এ চার সংস্থার মাধ্যমে করা হয়। তাই এগুলোতেই প্রথম ২০১১ সালে ই-জিপি চালু করা হয়। ওই বছরের ২ জুন ই-জিপি পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যোগাযোগ করলে সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘চার সংস্থার পরীক্ষামূলক যাত্রার সাফল্যের পরই সরকারি সব কেনাকাটাকে ই-জিপির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’ এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গঠনে আরেকটি ধাপ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
জানা গেছে, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ শতাংশ কেনাকাটা ই-জিপির আওতায় এসেছে। তবে ৫০ কোটি টাকার বেশি পূর্তকাজ ও পণ্য এবং ১০ কোটি টাকার বেশি বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা কেনার কাজ এখনো ই-জিপির বাইরে।
সিপিটিইউ সূত্রে জানা গেছে, ই-জিপি পদ্ধতিতে দরপত্রে অংশ নিতে গত ২০ অক্টোবর পর্যন্ত ১৭ হাজার ১৭০ জন ঠিকাদার নিবন্ধন করেছেন। নিবন্ধন করেছে ২ হাজার ৬৭টি সরকারি ক্রয়কারী সংস্থাও। ঠিকাদারদের নিবন্ধন ফি, নবায়ন ফি ও দরপত্র-সংক্রান্ত কাগজপত্র দাখিলের ফি গ্রহণের জন্য ৩৯টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকও (এমওইউ) সই করা হয়েছে। ১ হাজার ৭১৫টি শাখার মাধ্যমে সারা দেশে ঠিকাদারদের এ সেবা দেওয়া হচ্ছে।