১৯৭৭ সালের ২২ মার্চ। সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে ভেড়ে ‘এস এস টেনাসিটি’ জাহাজ। সাধারণ পণ্য পরিবহনের এই জাহাজের ডেকে ধাতব লোহার বিশাল ছয়টি বাক্স। ২০ ফুট দীর্ঘ একেকটি বাক্স দেখে বিস্মিত বন্দরকর্মীরা। নির্মাণকাজের ক্রেন এনে নানা কসরত করে ছয়টি বাক্স জাহাজ থেকে নামাতে লেগে গেল পুরো দিন। অনেকের অগোচরে সেদিন থেকেই বাংলাদেশে শুরু হলো পণ্য পরিবহনের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বাহনটির ব্যবহার।কনটেইনারের জনক ম্যালকম ম্যাকলিন ১৯৫৬ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে সূচনা করেছিলেন পণ্য পরিবহনের এই বিপ্লবের। ম্যাকলিনের ‘সি ল্যান্ড’ কোম্পানি ১০ বছর পর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্র থেকে কনটেইনারে পণ্য পরিবহন ছড়িয়ে দেয় ইউরোপে। এভাবে বিশ্বের নানা দেশ ঘুরে চট্টগ্রামেও চালু হয়ে যায় এই বাহন।কনটেইনারে পণ্য পরিবহন চালু হওয়ার ৩৬ বছর পূর্ণ হচ্ছে আজ শুক্রবার আর আগামীকাল শনিবার ৩৭ বছরে পা রাখছে মাধ্যমটি। পণ্যের সুরক্ষা ও খরচ সাশ্রয়ে কনটেইনার হয়ে উঠছে এ দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জনপ্রিয় মাধ্যম। এ কারণে দিন দিন বাড়ছে কনটেইনারে পণ্য পরিবহনের হারও। তবে শুরুর পর থেকে এখনো কনটেইনার পরিবহনের সঙ্গে অবকাঠামোগত সুযোগ-সুবিধা সমানতালে হাঁটেনি।বন্দরের ইতিহাসও জানাচ্ছে সে কথা। কনটেইনার ওঠানামার শুরুটা হয়েছিল খোলা ও বস্তাবন্দী পণ্য ওঠানামার জেটিতে। সেটির নাম ‘জেনারেল কার্গো বার্থ’ বা জিসিবি। শুরুর আট বছর পর ১৯৮৫ সালে প্রথম কনটেইনার ওঠানামার যন্ত্রপাতি সংগ্রহ করে বন্দরটি। এই আট বছর ম্যাকলিনের সি ল্যান্ডসহ জাহাজ কোম্পানিগুলো নিজেদের যন্ত্রপাতি ব্যবহার করেই সামাল দেয় কনটেইনার ওঠানামার কাজ।আবার কনটেইনারের সূচনার নয় বছর পর ১৯৮৬ সালে নির্মিত হয় কনটেইনার ওঠানামার প্রথম দুটি জেটি। সেই দুটি জেটিসহ টার্মিনাল আনুষ্ঠানিকভাবে পুরোদমে চালু করতে সময় লাগে আরও আট বছর। সেটি ১৯৯৩ সালের ১৮ আগস্ট। আর সনাতন যন্ত্র থেকে বেরিয়ে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন বসানো হয় জেটি নির্মাণের ২০ বছর পর!বন্দর ইতিহাসের এই অমসৃণ ধারা বজায় আছে এখনো। নানা জটিলতার পর ২০০৭ সালে ৪৬৬ কোটি টাকার সবচেয়ে বড় টার্মিনাল ‘এনসিটি’ নির্মাণ শেষ হলেও এখনো পুরোপুরি চালু হয়নি। এটি শেষ না হওয়ায় শুরু করা যাচ্ছে না ‘কেসিটি’ নামের আরেকটি টার্মিনালের নির্মাণকাজ। অবকাঠামোর ব্যবহার নিশ্চিত না হলেও কনটেইনার পরিবহনের হার থেমে থাকেনি। এ জন্য মাঝে মাঝে দুর্ভোগে পড়তে হয়েছে ব্যবহারকারীদের।বন্দর বোর্ডের সাবেক সদস্য (পরিকল্পনা) হাদী হোসেন মনে করেন, বন্দরের হাতে আর্থিক ও নীতিনির্ধারণী ক্ষমতা কম থাকাই এসব দুর্ভোগের মূল কারণ। এখানে অগ্রিম পরিকল্পনা নেওয়া হয় না, হলেও সঠিক সময়ে বাস্তবায়ন হয় না। ফলে কনটেইনার পরিবহনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয়।অবকাঠামো ছাড়াও পদ্ধতিগত দিক থেকেও সমানতালে চলতে পারেনি বন্দর। ৩৬ বছর ধরে বন্দর চত্বরে একক আমদানির কনটেইনার খুলে খালাস হচ্ছে আমদানি পণ্য। বিশ্বের কোথাও এ পদ্ধতির নজির নেই।আবার কোনো বন্দরে ১০ লাখ একক কনটেইনার পরিবহন হলে প্রয়োজন হয় কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির। ২০০৮ সালে এই বন্দরে কনটেইনার ওঠানামা ছাড়িয়ে গেছে ১০ লাখের বেশি। তবে এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি এই পদ্ধতি। এখনো চলছে পরীক্ষা-নিরীক্ষা!এমন সীমাবদ্ধতা নিয়েই এ পর্যন্ত এক কোটি ৪৪ লাখ একক কনটেইনার ওঠানামা হয়েছে এ বন্দরে। দেশভিত্তিক কনটেইনার ওঠানামার হিসাবে বিশ্বে ৪৯তম স্থানে ঠাঁই নিয়েছে বাংলাদেশ। পুরোনো যন্ত্রপাতি আর অপর্যাপ্ত জেটি ব্যবহার করেই এশিয়ার ৬৯টি বন্দরের মধ্যে দক্ষতায় সেরাও হয়েছে। এসব অর্জনের পেছনে আছে বন্দর ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা—এমনই মনে করেন বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা।