কাচ উৎপাদনে প্রায় স্বনির্ভর বাংলাদেশ
কাচ উৎপাদনে বাংলাদেশ এখন প্রায় স্বনির্ভর। দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ায় আমদানিনির্ভরতা কমে এসেছে। পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণের পর বিদেশেও রপ্তানি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে সারা দেশে দেড় থেকে দুই হাজার কোটি টাকার কাচের বাজার আছে। প্রতিবছরই উল্লেখযোগ্য হারে কাচের চাহিদা বাড়ছে। তবে এখন পর্যন্ত মাত্র চারটি প্রতিষ্ঠানই কাচ উৎপাদন করছে। সেগুলো হলো: নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও এমইবি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্মিলিতভাবে এসব প্রতিষ্ঠানের দৈনিক উৎপাদনক্ষমতা ৪৮০ থেকে ৫০০ মেট্রিক টন। এর মধ্যে পিএইচপি ১৫০ ও নাসির গ্লাস ২৫০ মেট্রিক টন ফ্লোট গ্লাস উৎপাদন করে। বর্তমানে দালান, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা অফিসে সাজসজ্জায় দেয়ালের পরিবর্তে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে এই ফ্লোট গ্লাস। উসমানিয়া ও এমইবি ৮০ থেকে ১০০ মেট্রিক টন শিট গ্লাস প্রস্তুত করে। এ ছাড়া একাধিক প্রতিষ্ঠান গ্লাসের মূল্য সংযোজনকারী পণ্য হিসেবে উন্নতমানের আয়না ও টেম্পার্ড গ্লাস উৎপাদন ও বাজারজাত করে থাকে। উদ্যোক্তারা জানান, ‘নব্বইয়ের দশকের পর থেকে দেশে আবাসন ব্যবসা ব্যাপকভাবে প্রসার লাভ করে। রাজধানীসহ বিভাগীয় শহরে গড়ে উঠতে থাকে বড় বড় অট্টালিকা। তখন শতভাগ কাচ আমদানি করতে হতো বিদেশ থেকে। ২০০০ সালের পর থেকেই দেশীয় উদ্যোক্তাদের মাঝে কাচ উৎপাদনের বিষয়টি চিন্তা-ভাবনা শুরু হয়। অবশ্য সরকারি প্রতিষ্ঠান ওসমানিয়া ও এমইবি আগে থেকেই শিট গ্লাস উৎপাদন করত। ২০০৫ সালের পর ফ্লোট গ্লাস উৎপাদন শুরু করে নাসির গ্লাস ও পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ।কাচশিল্পের জন্য ডলোমাইট, লাইমস্টোন, সোডা অ্যাশ, কোল পাউডার ও কেমিক্যালসহ বেশির ভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। পিএইচপি ও নাসির গ্লাস এসব কাঁচামাল আমদানি করে থাকে। তবে এ শিল্পের অন্যতম কাঁচামাল সিলিকা বালু স্থানীয় বাজার থেকেই সংগ্রহ করা হয়। দেশীয় কাচশিল্প কারখানায় উৎপাদন শুরুর আগে বাংলাদেশে একচেটিয়াভাবে এই বাজার ছিল চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দখলে। ধীরে ধীরে সাধারণ ও উন্নত মানের কাচ দেশে উৎপাদন হলেও এখনো রঙিন ও বৈচিত্র্যময় কাচ ওই সব দেশ থেকে আমদানি করা হয়। তবে এর পরিমাণ পাঁচ থেকে ১০ শতাংশের বেশি নয়। এ বিষয়ে পিএইচপি ফ্লোট গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কাচ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে। এ ক্ষেত্রে বড় বিনিয়োগ প্রয়োজন। সেই তুলনায় চাহিদা অল্প। তাই এ ধরনের প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি বেশি। এ জন্য উদ্যোক্তাদের আগ্রহও কম।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই এখন বাংলাদেশি কাচের বাজার। ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় প্রতিবছর বিপুল পরিমাণ কাচ রপ্তানি হচ্ছে। পিএইপি মাসে ২০০ থেকে ২৫০ টন ফ্লোট গ্লাস রপ্তানি করে। তবে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় দুই তিন বছর ধরে রপ্তানি বন্ধ রেখেছে নাসির গ্লাস। এ ছাড়া ভৌগোলিক ও অন্যান্য কারণে দামের দিক থেকে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতায়ও পেরে উঠছে না বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এটিও রপ্তানি নিরুৎসাহিত করার অন্যতম কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। কাচ রপ্তানি নিয়ে আমির হোসেন চৌধুরী বলেন, ‘গ্যাস ও অবকাঠামোর অভাবের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। কাচ উৎপাদন করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ লাগে। এ জন্য কারখানার সঙ্গেই পাওয়ার প্লান্ট করতে হয়। কাঁচামাল প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এসব কারণে উৎপাদনব্যয় অনেক বেড়ে যায়। তাই বেড়ে যায় পণ্যের দাম। ফলে সুযোগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় আমরা টিকতে পারছি না। চীনে কাচ রপ্তানির করলে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। কিন্তু আমরা সে রকম কিছুই পাই না।’ নাসির গ্লাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘দেশের অভ্যন্তরে প্রতিবছর ২০ শতাংশ হারে কাচের বাজার বাড়ছে। কিন্তু ব্যাংকঋণের উচ্চ সুদের হারসহ নানা সমস্যার কারণে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত উৎপাদন-সক্ষমতা বাড়াতে পারছেন না উদ্যোক্তারা। এ অবস্থার উন্নতি না হলে হয়তো আমাদের আবারও আমদানিতে যেতে হবে।’ তিনি জানান, নাসির গ্লাস উৎপাদন-সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে। আগামী বছর দৈনিক উৎপাদনক্ষমতা ১৫০ মেট্রিক টন বেড়ে মোট ৪০০ মেট্রিক টনে দাঁড়াবে। আরেকজন উদ্যোক্তা বলেন, কাচশিল্পের প্রধান অসুবিধার দিকটি হচ্ছে দুর্বল পরিবহনব্যবস্থা। এ জন্য বিশেষ ধরনের যান দরকার। গোটা কাচশিল্পের জন্যই সরকারের বিশেষ সহায়তা দেওয়া উচিত। তাহলে উৎপাদন যেমন বাড়বে, রপ্তানিও বাড়বে।